পাঁচতারা হোটেলে পচা মাংস, ছত্রাক-পড়া সবজি! ‘তাজ’, ‘শাংরি-লা’-য় তল্লাশিতে চাঞ্চল্য
বেঙ্গালুরু: নামীদামি পাঁচতারা হোটেল, অথচ হেঁশেলে মজুত পচা মাংস থেকে শুরু করে ছত্রাক-পড়া সবজি এবং মেয়াদ উত্তীর্ণ দুধ! বেঙ্গালুরুর বিলাসবহুল হোটেলগুলিতে কর্নাটকের খাদ্য সুরক্ষা ও…
বেঙ্গালুরু: নামীদামি পাঁচতারা হোটেল, অথচ হেঁশেলে মজুত পচা মাংস থেকে শুরু করে ছত্রাক-পড়া সবজি এবং মেয়াদ উত্তীর্ণ দুধ! বেঙ্গালুরুর বিলাসবহুল হোটেলগুলিতে কর্নাটকের খাদ্য সুরক্ষা ও ড্রাগ প্রশাসন দফতরের আচমকা অভিযানে প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর ছবি। এই তালিকায় নাম জড়িয়েছে ‘তাজ যশবন্তপুর’, ‘শাংরি-লা’-র মতো দেশের প্রথম সারির বিলাসবহুল হোটেলগুলির। চরম গাফিলতি এবং নিয়ম ভাঙার দায়ে ইতিমধ্যেই ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য সুরক্ষা দফতর।
জানা গিয়েছে, বেঙ্গালুরু শহর জুড়ে রেস্তোরাঁ ও হোটেলগুলিতে খাদ্য সুরক্ষার নিয়মকানুন ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই মেগা অভিযানের পরিকল্পনা করা হয়। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ইউ টি খাদের জানিয়েছেন, হোটেলের ক্যাটেগরি যা-ই হোক না কেন, সর্বত্র খাদ্য সুরক্ষা বিধি কড়াকড়ি ভাবে পালন করা নিশ্চিত করতেই এই অভিযান। খাদ্য সুরক্ষা দফতরের ৩০টি দল বেঙ্গালুরু আরবান জেলার (বিবিএমপি জোন) অন্তত ২৬টি তিনতারা এবং পাঁচতারা হোটেলে তল্লাশি চালায়। ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর নিয়মাবলি মানা হচ্ছে কি না, তা খুঁটিয়ে দেখেন আধিকারিকরা।
এই তল্লাশিতেই নামীদামি হোটেলগুলির চমকে দেওয়ার মতো গাফিলতির ছবি সামনে আসে। অস্বাস্থ্যকর রান্নাঘর, মজুত করার বেহাল ব্যবস্থা, মেয়াদ উত্তীর্ণ খাবার এবং সবজিতে ছত্রাকের উপস্থিতির মতো একাধিক মারাত্মক নিয়মভঙ্গের প্রমাণ পান আধিকারিকরা। পাশাপাশি নিরামিষ এবং আমিষ খাবার একসঙ্গে রাখা এবং এফএসএসএআই (FSSAI)-এর লেবেলিং নিয়ম না মানারও অভিযোগ উঠেছে। সবচেয়ে বেশি মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার উদ্ধার হয়েছে ‘র্যাডিসন ব্লু’ (দ্য অ্যাট্রিয়া) থেকে। সেখান থেকে ১০৫ কেজি পচা মুরগি, মাংস, মাছ এবং সবজি বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে।
এ ছাড়াও ‘দ্য ললিত অশোক’ থেকে ৭৬ কেজি মাংস, ২০০ কেজি সবজি এবং ৩২ লিটার মেয়াদ উত্তীর্ণ দুধ বাজেয়াপ্ত করে নষ্ট করেছে তদন্তকারী দল। ‘তাজ যশবন্তপুর’ থেকে ৭২ কেজি মাংস ও মাছ, ‘ফোর সিজন্স’ থেকে ১৯ কেজি মাংস, ‘শাংরি-লা’ থেকে ১৫ কেজি মাংস এবং ‘ভিভান্তা বেঙ্গালুরু হোয়াইটফিল্ড’ থেকে ৩ কেজি মেয়াদ উত্তীর্ণ বেকারি সামগ্রী বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, তল্লাশি চলাকালীন মুরগি, মাটন, মাছ, ভোজ্য তেল, দুধ, মশলা, চিজ-সহ মোট ৩৫টি খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই পরবর্তী কড়া পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই নিয়মভঙ্গকারী সংশ্লিষ্ট হোটেলগুলিকে কড়া নোটিস ধরিয়েছে প্রশাসন।
আয়ুষ্মান ভারত প্রকল্পে জালিয়াতি বিরোধী অভিযান! ২০০০ র বেশি হাসপাতাল বাদ ১২০০ সাসপেন্ড
হাসিনার মন্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনও যোগ নেই, সাফ জানাল বিদেশ মন্ত্রক