হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা বেড়ে হচ্ছে ৬৮, মন্ত্রিসভায় পাশ
এই সময়, হাওড়া: প্রত্যাশামতোই হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়তে চলেছে। বর্তমানে হাওড়া পুরসভার অধীনে মোট ৫০টি ওয়ার্ড রয়েছে। সেটা বেড়ে হচ্ছে ৬৮। সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের (ডি-লিমিটেশন) জন্য সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে। উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই এ দিন সাংবাদিকদের জানান, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আগামী ১২ অগস্ট বিধানসভায় এই মর্মে একটি প্রস্তাব পেশ করা হবে। বিধানসভায় পাশ হয়ে গেলেই আইন অনুযায়ী হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হবে।
তিনি স্পষ্ট করে দিয়েছেন, ওয়ার্ডের সংখ্যা বাড়লেও হাওড়া পুরসভার ভৌগলিক সীমানায় কোনও পরিবর্তন হচ্ছে না। নতুন কোনও এলাকাও যুক্ত হচ্ছে না। বর্তমানে যে ৫০টি ওয়ার্ড রয়েছে সেগুলিকে পুনর্বিন্যাস করে আরও ১৮টি নতুন ওয়ার্ড গঠন করা হবে। তাঁর দাবি, এর ফলে জনসংখ্যা ও এলাকার ভারসাম্য বজায় রেখে নাগরিক পরিষেবা আরও সুচারু ভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ওয়ার্ড পুনর্বিন্যাসের একটি খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সেই খসড়া নিয়ে সব রাজনৈতিক দলের মতামত নিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের কোনও আপত্তি কিংবা পরামর্শ থাকলে, জানাতে পারবে। তারই ভিত্তিতে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে। মন্ত্রী বলেন, ‘পুনর্বিন্যাস কোনও রাজনৈতিক দলের অফিসে বসে করা হচ্ছে না। এটি সম্পূর্ণ আইন মেনে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা হবে। সমস্ত রাজনৈতিক দলকে সময় দেওয়া হবে। তাঁরা আপত্তি জানাতে পারবেন, দাবি পেশ করতে পারবেন। সব কিছু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি জানান, পুনর্বিন্যাস চূড়ান্ত হওয়ার পরে সংরক্ষণ নির্ধারণ, ভোটার তালিকা প্রস্তুত-সহ নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী নভেম্বরের শেষের দিকে হাওড়া পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের পরে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই নতুন নির্বাচিত বোর্ড দায়িত্ব গ্রহণ করবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নির্বাচিত বোর্ড না থাকায়, উন্নয়নের কাজে কিছুটা প্রভাব পড়েছে। নতুন বোর্ড গঠনের পরে নাগরিক পরিষেবা ও উন্নয়নমূলক কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি জানান, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়লেও বালি পুরসভার ওয়ার্ড সংখ্যার কোনও হেরফের হচ্ছে না। আগের মতোই সেখানে ৩৫টি ওয়ার্ড থাকছে। হাওড়ার পাশাপাশি বালি পুরসভার নির্বাচনও নভেম্বর মাসের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।