হাসিনার মন্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনও যোগ নেই, সাফ জানাল বিদেশ মন্ত্রক - 24 Ghanta Bangla News
Home

হাসিনার মন্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনও যোগ নেই, সাফ জানাল বিদেশ মন্ত্রক

Spread the love

নয়াদিল্লি: ভারতের মাটিতে বসে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাঁর সেই মন্তব্যের দায় নিতে নারাজ নয়াদিল্লি। শুক্রবার বিদেশ মন্ত্রকের…

নয়াদিল্লি: ভারতের মাটিতে বসে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাঁর সেই মন্তব্যের দায় নিতে নারাজ নয়াদিল্লি। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, গত ৫ অগস্ট হাসিনার ওই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের সঙ্গে ভারত সরকারের কোনও যোগ নেই। এমনকি, ওই মঞ্চ থেকে বাংলাদেশ সরকার প্রসঙ্গে যে মন্তব্য করা হয়েছে, তা-ও সমর্থন করে না নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ দিন বলেন, “এটি সম্পূর্ণ একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠান ছিল। এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। ওই মঞ্চে যা বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে, ভারত সরকার তা কোনও ভাবেই সমর্থন করে না।”

গত ৫ অগস্ট ছাত্র-গণআন্দোলনের জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তার পর গত বুধবার একটি অডিয়ো-ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে প্রথম বার প্রকাশ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেই বৈঠকেই তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে বদ্ধপরিকর তিনি। দেশে ফিরে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। হাসিনা বলেন, “আমি জানি ওরা আমাকে জেলে ভরতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তবু আমি আমার দেশের মানুষের কাছেই ফিরে যাব।” তিনি আরও দাবি করেন, তাঁর এই ফেরা ক্ষমতা দখলের জন্য নয়, বরং দেশের উন্নয়ন, ধর্মনিরপেক্ষতা এবং স্থায়িত্ব ফেরানোর জন্য।

বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কোনও রকম গোপন বা নেপথ্য আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন হাসিনা। উলটে তাঁর দাবি, অবিলম্বে আওয়ামী লিগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে এবং মিথ্যা মামলা তুলে নিতে হবে। ভারতকে বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ বলে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক মহলের কাছেও সাহায্যের আর্জি জানান। পাশাপাশি, জুলাই-অগস্টের গণঅভ্যুত্থানকে ‘স্বতঃস্ফূর্ত’ মানতে নারাজ তিনি। তাঁর দাবি, এটি ক্ষমতা দখলের পূর্বপরিকল্পিত ছক ছিল। ওই একই বৈঠকে উপস্থিত থেকে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেন, বাংলাদেশ এখন ভারতের পূর্ব সীমান্তের ‘আরও একটি পাকিস্তান’ এবং একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

ভারতের মাটিতে বসে হাসিনা ও তাঁর ছেলের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক কড়া ভাষায় জানিয়েছে, এই ঘটনা অত্যন্ত ‘ক্ষোভের’। ভারতের মাটি থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের ‘বিষোদ্গার’ আসলে তাদের সার্বভৌমত্বের প্রতি ‘অপমান’ বলেও উল্লেখ করেছে ঢাকা। বাংলাদেশ সরকারের তরফে আরও জানানো হয়েছে, ভারতের কাছে ইতিমধ্যেই হাসিনাকে প্রত্যর্পণের আর্জি জানানো হয়েছে, কিন্তু নয়াদিল্লির তরফ থেকে এখনও কোনও সদর্থক সাড়া মেলেনি। উল্লেখ্য, গত নভেম্বরেই ঢাকার একটি বিশেষ ট্রাইবুনাল জুলাই-অগস্টের ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে হাসিনাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে।

ডাবর কোম্পানিকে ব্যবসা বন্ধের নির্দেশ FSSAI র! হাইকোর্টের সিদ্ধান্তে মিলল স্বস্তি‘রাজনীতিতে নেমে ডিমকে ভয়? বিপ্লবীরা বুকে গুলি নিয়েছিলেন’, ভর্ৎসিত মহুয়া

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *