বিদেশি পর্যটক বাড়াতে অস্ট্রেলিয়ার সংস্থার সঙ্গে ‘গাঁটছড়া’র চেষ্টা রাজ্যের
কলকাতা: বাংলায় বিদেশি পর্যটকের (West Bengal Tourism) সংখ্যা আরও বাড়াতে একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চালানোর পাশাপাশি পর্যটন খাতে নতুন…
কলকাতা: বাংলায় বিদেশি পর্যটকের (West Bengal Tourism) সংখ্যা আরও বাড়াতে একাধিক উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চালানোর পাশাপাশি পর্যটন খাতে নতুন বিনিয়োগ আনার দিকেও জোর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ অস্ট্রেলিয়াভিত্তিক একটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
পর্যটনমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার ওই সংস্থা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হোটেল গড়তে আগ্রহী। তাদের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সরকারের আশা, এই ধরনের বিনিয়োগ রাজ্যের পর্যটন পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াবে।
শঙ্কর ঘোষ এর আগে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক যদি বিপুল সংখ্যক বিদেশি পর্যটককে আকর্ষণ করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবনও আন্তর্জাতিক পর্যটনের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠতে পারে। তিনি আরও বলেন, শুধুমাত্র পুরুলিয়াতেই বছরে অতিরিক্ত ১০ লক্ষ বিদেশি পর্যটক আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
Also Read | বঙ্গে ১৭টি নতুন রেললাইন প্রকল্পের আশা! অর্জুন সিংয়ের পোস্টে চর্চায় রাজ্যের রেল যোগাযোগ
মন্ত্রী জানান, রাজ্য সরকার এমন একটি পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা একদিকে যেমন সবার জন্য সহজলভ্য হবে, অন্যদিকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্নত মানের অভিজ্ঞতাও নিশ্চিত করবে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পশ্চিমবঙ্গে ৩১ লক্ষ আন্তর্জাতিক পর্যটক এসেছেন৷ যা ২০২৩ সালের ২৭ লক্ষের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়া গত বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যেই ২৭ লক্ষের বেশি বিদেশি পর্যটক রাজ্যে এসেছিলেন।
পর্যটনকে আরও সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার ‘Experience Bengal 2.0’ নামে একটি নতুন ব্র্যান্ডিং ও মার্কেটিং উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে।
Also Read | খাদ্যশস্য প্যাকেজিংয়ে ব্যাবস্থার হবে পাটের ব্যাগ! বাংলার পাটশিল্প বাঁচাতে কড়া অবস্থান বাংলার সরকারের
এছাড়া আইআইটি খড়্গপুরের সহযোগিতায় একটি পর্যটক ডেটা ব্যাঙ্ক তৈরির পরিকল্পনাও রয়েছে। পর্যটকদের ভ্রমণ আচরণ, পছন্দ এবং ভ্রমণের ধারা বিশ্লেষণ করে এই ডেটা ব্যাঙ্ক তৈরি করা হবে।
সরকারের মতে, এই তথ্যের ভিত্তিতে কোথায় নতুন পর্যটন পরিকাঠামো তৈরি করা প্রয়োজন, কোথায় আরও বিনিয়োগ দরকার এবং কোন কম পরিচিত পর্যটন কেন্দ্রগুলিকে বেশি প্রচার করা উচিত, তা নির্ধারণ করা সহজ হবে।
শঙ্কর ঘোষ বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পর্যটকের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। তিনি আরও জানান, আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের আশা, এই সময়ে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।