নাবালিকাকে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার অভিযুক্ত যুবক - 24 Ghanta Bangla News
Home

নাবালিকাকে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার অভিযুক্ত যুবক

Spread the love

এই সময়, খড়্গপুর: ‘দিদিমার কাছে যত টাকা আছে, তা চুরি করে এনে দিতে হবে’ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে এ ভাবেই চাপ দিতেন এক যুবক। কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দিতেন। নিয়মিত এই হুমকিতে আতঙ্কিত পঞ্চম শ্রেণির পড়ুয়া স্কুল যেতে ভয় পেত। বিষয়টি বুঝতে পেরে মামার বাড়ির সকলে নানা কৌশলে নেপথ্যের কাহিনি জানার চেষ্টা করেন। জানার পরেই থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেখাপড়ার জন্য পঞ্চম শ্রেণির ওই নাবালিকা কেশিয়াড়ি থানা এলাকায় মামার বাড়িতে থাকে। গ্রামের পাশেই রয়েছে স্কুল। নিয়মিত সে স্কুলে যায়। কিন্তু, গত কয়েক দিন থেকে তার স্কুলে যাওয়ার প্রতি অনীহা লক্ষ্য করেন দিদিমা। বিষয়টি জানতে চাইলে সে ভয়ে কিছু বলতেও চাইত না। দিদিমার সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি তাঁর ছেলেদের জানান।

সকলেই নাবালিকার কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করেন। শেষপর্যন্ত নাবালিকা জানায় যে, স্কুল থেকে ফেরার পথে কয়েকদিন ধরে একটি মোটরবাইকে কখনও একজন, কখনও দু’জন তাকে ঘিরে ধরেন। গামছায় মুখ ঢাকা থাকায় সে তাঁদের চিনতেও পারেনি। তাঁরা দাবি করেন, ‘তোর দিদুন কোথায় টাকা রেখেছে তুই জানিস তো? সেই টাকা নিয়ে আসবি। আমরা আবার কাল আসব। আমাদের দিবি। আর এ বিষয়ে কাউকে কিছু বলবি না। বললে তোকে শেষ করে দেবো।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভয়ে ওই নাবালিকা তার দিদার জমানো টাকা থেকে ১০ হাজার টাকা দিয়েও ফেলেছিল। সেগুলো সবই ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট।

তারপরেও হুমকি বন্ধ হয়নি। আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা মামার বাড়িতে সব জানায়। তা জানার পরেই বুধবার কেশিয়াড়ি থানায় অভিযোগ জানায় তার পরিবার। নাবালিকা অভিযুক্তকে চিনতে না-পারলেও মোটরবাইকের নম্বরটি মুখস্থ করে নিয়েছিল। সেই মোটরবাইকের নম্বর ধরেই পুলিশ তদন্ত শুরু করে। তাতে দেখা যায়, নাবালিকার মামাবাড়ির গ্রামেরই এক যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন! তাঁকে গ্রেপ্তার করে জুলুমবাজি ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

হঠাৎ এক নাবালিকাকে কেন ওই যুবক এ ভাবে টাকা চেয়ে হুমকি দিলেন? এর নেপথ্যে ঠিক কী রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে আগেও থানায় একটা অভিযোগ হয়েছিল। তার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তবে নাবালিকা যেহেতু থানায় ঘটনার কথা নিজের মুখে জানিয়েছে, তাই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *