কাকলির পাশে রাজীব-প্রতিমা, বৈঠকে জল্পনা, শাহ-সাক্ষাৎ তাহেরদের
এ দিন শাহের সঙ্গে তাহেরদের সাক্ষাৎ নিয়ে কটাক্ষ ছুড়েছেন কালীঘাট শিবিরের সাংসদ সৌগত রায়। তাঁর কথায়, ‘বিদ্রোহীদের মধ্যে যাঁরা বিদ্রোহী, তাঁরা কোন দিকে যাবেন, সেটা ওঁদেরই ঠিক করতে হবে। আপনি গাছেরও খাবেন, তলারও কুড়োবেন, তা হয় না। এখন এঁরা চলে যাবে চলে যাবে করছেন, তাই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই এঁদের বোঝাচ্ছেন। আসলে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে বিজেপির ম্যাজিক ফিগার দরকার৷ তাই এত আয়োজন৷’ তাহেরদের সঙ্গে শাহি বৈঠকে ছিলেন আরও দুই বিদ্রোহী সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। শতাব্দীর বক্তব্য, ‘ওঁদের (তাহের) কিছু সমস্যা ছিল৷ ওঁরা খোলাখুলি সেই সব বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন৷ আমি আমার এলাকার কয়েকটি উন্নয়নমুখী প্রকল্প নিয়ে কথা বলেছি৷’