মডেল ফটোশুটের নামে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল-ধর্ষণ, কেঁচো খুঁড়তে কেউটে বেরোল হাওড়ায়
কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। এক নাবালিকাকে মডেলশুটের নামে ব্ল্যাকমেল এবং তোলাবাজির অভিযোগের তদন্তে নেমে এক বিরাট অপরাধ চক্রের হদিশ পেলেন গোয়েন্দারা। এখনও পর্যন্ত এক মহিলা-সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার হাওড়া সিটি পুলিশের ডিসি (ডিডি) রাহুল মিশ্র জানান, ফেসবুকে কমবয়সি মেয়েদের মডেলিং ফটোশুটের টোপ দিতেন অতনু আগুয়ান ওরফে জিতু চক্রবর্তী নামে বারুইপুরের এক যুবক। এই কাজে তাঁর বান্ধবী সোনালি কয়াল সাহায্য করতেন। যাঁরা রাজি হতেন, তাঁদের বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হতো। তার পরে সেখানে মেয়েদের নগ্ন ছবি তুলতেন অতনু এবং তাঁর সাঙ্গোপাঙ্গরা। পরে সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নানা ভাবে ব্ল্যাকমেল চলত। এ ভাবে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে নির্যাতিতাদের কাছ থেকে।
পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে এক নাবালিকা অভিযোগ দায়ের করে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ বড় চক্রের সন্ধান পায়। এই চক্রের মাথা অতনু, তাঁর বান্ধবী সোনালি। তাঁদের সঙ্গে জড়িত ছিলেন রাকেশ মণ্ডল, রাজীব মণ্ডল এবং রাজেশ পাত্র। তাঁদের সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কয়েক জন মডেলকে ব্ল্যাকমেলের পাশাপাশি ধর্ষণেরও অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, তোলাবাজি এবং ব্ল্যাকমেলের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই চক্রের শিকার ৯ জন নাবালিকা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িয়ে আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।