অনশন ভঙ্গেও জারি বিক্ষোভ, প্রতিবাদ ঝাড়খণ্ডে - 24 Ghanta Bangla News
Home

অনশন ভঙ্গেও জারি বিক্ষোভ, প্রতিবাদ ঝাড়খণ্ডে

Spread the love

রাঁচি: প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদীদের আলোচনায় বসার আহ্বান জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। বুধবার প্রতিবাদস্থলে গিয়ে প্রশাসনের দুই কর্তা বলেন, ‘পাঁচ জন প্রতিবাদীর সঙ্গে বাসভবনে কথা বলতে সিএম রাজি।’ প্রাথমিক ভাবে আন্দোলনরতরা জানান, ছাত্রছাত্রীদের সামনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তাঁরা। তবে রাতের দিকে প্রতিবাদী রবীন্দ্র পাসোয়ান জানান, বৃহস্পতিবার সকালে হেমন্তের বার্তা নিয়ে সিদ্ধান্ত হবে।

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের ১৪তম পরীক্ষা বাতিল এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিটি সংস্কারের দাবিতে ২৫ জুলাই থেকে ধর্না–আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। নিয়োগ–পরীক্ষায় অব্যবস্থার বিরোধিতায় অনশনে বসেন ‘ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা’র সদস্য দেবেন্দ্রনাথ মাহাতো। বুধবার সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনুরোধে সাড়া দিয়ে একটু জল খান দেবেন্দ্র। একই ইস্যুতে, মঙ্গলবার রাতে অনশনে বসেছেন ‘জেপিএসসি–জেএসএসসি সংস্কার মঞ্চ’–এর পাঁচ সদস্য। হাবিবা নামে এক অনশনকারী বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবকের মতো। আশা করি অভুক্ত সন্তানদের দাবি মেনে উনি ব্যবস্থা নেবেন।’ দাবি না মিটলে ১০ তারিখ বিধানসভা ঘেরাওয়ের ডাক দেন তাঁরা।

মঙ্গলবারই হেমন্ত জানিয়েছিলেন, দাবিগুলিকে গুরুত্ব দিয়ে দেখছে তাঁর সরকার। তিনি জানান, প্রশ্নফাঁসের সমস্যা ‘জাতীয় সঙ্কট’–এর আকার নিচ্ছে। প্রয়োজনে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলবেন তিনি। এ দিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে আলোচনা করেন হেমন্ত। এর মধ্যে রাহুল গান্ধী একদল পড়ুয়ার সঙ্গে সাক্ষাতের পরে বলেন, ‘যদি কিছু বদলাতেই হয়, তা হলে সিস্টেমকে বদলানো দরকার।’ বিজেপির দাবি, কংগ্রেস ঝাড়খণ্ডে সরকারের সঙ্গে আছে বলে সেখানে সুর চড়াচ্ছে না আর রাহুল ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নিচ্ছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *