দুই চালকের আজব ‘কীর্তি’ শিলিগুড়িতে
সকাল ন’টা নাগাদ ফুলবাড়ি ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা কোনওক্রমে ঘটনাস্থলে পৌঁছন। ইতিমধ্যেই লরিটি সরানোর জন্য ক্রেনের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু লরির কাছে পৌঁছে যা দেখলেন পুলিশকর্মীরা, তাতে তাঁরা হতবাক। ঘটনাস্থলে থাকা এক পুলিশকর্মী বলেন, ‘আমরা লরিটির কাছে পৌঁছে দেখি, চালক স্টিয়ারিংয়ে মাথা রেখে দিব্যি ঘুমোচ্ছেন। প্রথমে আমরাও বুঝতে পারিনি, সত্যিই তিনি ঘুমোচ্ছেন কি না।’ পুলিশকর্মীরা কয়েক বার ডাকাডাকি করতেই ঘুম ভাঙে চালকের। চোখ কচলাতে কচলাতে মাথা তুলে চারপাশের পরিস্থিতি দেখে তিনিও কিছুটা হতচকিত হয়ে পড়েন। এর পরে এক পুলিশকর্মীর কাছে জানতে চান, ‘কটা বাজে?’