Musafir Cafe Season 2: কবে আসছে 'মুসাফির ক্যাফে' সিজন ২? নতুন প্রোমোতে নতুন টুইস্ট নেটফ্লিক্সের | Vikrant massey musafir cafe season 2 announced netflix - 24 Ghanta Bangla News
Home

Musafir Cafe Season 2: কবে আসছে ‘মুসাফির ক্যাফে’ সিজন ২? নতুন প্রোমোতে নতুন টুইস্ট নেটফ্লিক্সের | Vikrant massey musafir cafe season 2 announced netflix

Spread the love

দর্শকমনে তুমুল সাড়া ফেলার পর আনুষ্ঠানিকভাবে ফিরতে চলেছে জনপ্রিয় রোমান্টিক ড্রামা সিরিজ ‘মুসাফির ক্যাফে’-র দ্বিতীয় সিজন। চন্দর, সুধা ও প্রীতির সম্পর্কের না-বলা টানাপোড়েন ও জটিল সমীকরণকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের নতুন অধ্যায়ে মুখ্য ভূমিকায় আবারও দেখা যাবে অভিনেতা বিক্রান্ত মাসেকে। প্রথম সিজনের অসংলগ্ন আবেগ, কঠিন সিদ্ধান্ত এবং সম্পর্কের দোলাচল যেখানে শেষ হয়েছিল, নতুন পর্বে তা আরও গভীরে গিয়ে উন্মোচিত হবে।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সিরিজটির দ্বিতীয় সিজনের কথা নিশ্চিত করে জানিয়েছে যে, অসময়, হৃদয়ভাঙা অনুভূতি ও আধুনিক জীবনের সম্পর্কের যে সততা গল্পে ফুটিয়ে তোলা হয়েছিল, তা দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। প্রথম পর্বের ঝুলন্ত মোড় বা ‘ক্লিফহ্যাঙ্গার’-এর উত্তর মিলবে সিজন ২-এ— যেখানে দেখা যাবে চন্দর কি আদৌ নিজের প্রকৃত অনুভূতির স্পষ্টতা খুঁজে পায়? অতীতের স্মৃতি পেরিয়ে সুধার সঙ্গে তার সম্পর্ক কি টিকবে? নাকি জীবনের স্বনির্ভরতা ও ভালোবাসার নতুন সংজ্ঞায় প্রীতি নিজের পথ আলাদা করে নেবে?

সিরিজটির নতুন এক প্রোমোতে দ্বিতীয় সিজনের আসার খবর দেওয়া হয়েছে। সেখানে অভিনেত্রী মহিমা মাকওয়ানা বলেন, “আপনাদের এত ভালোবাসা পাওয়ার পর এই গল্পটা কি এখানেই শেষ করে দেওয়া যায়?” এর জবাবে সহ-অভিনেত্রী বেদিকা পিন্টো যোগ করেন, “গল্প তো কখনো শেষ হয় না।”

ঠিক তখনই অভিনেতা বিক্রান্ত মাসি বলেন, “ওগুলো শুধু মাঝে মাঝে সাময়িক বিরতি নেয়।” সবশেষে মহিমা বলেন, “তাই আমরা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করতে ফিরছি।”

প্রযোজকদের মতে, গল্পের আবেগপূর্ণ সততা এবং মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতের কারণেই দর্শকরা এটিকে এত আপন করে নিতে পেরেছেন। শেষ পর্বের পরও অসময়, আঁকড়ে ধরা কিংবা ছেড়ে দেওয়ার যে দ্বিধা— তা দর্শককে গভীরভাবে ভাবিয়েছে।

নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ প্রধান তানিয়া বামি বলেন, “মুসাফির ক্যাফে সর্বস্তরের দর্শকের মন জয় করেছে। নেট দুনিয়ায় এখন এই সিরিজের শেষ দৃশ্য, চরিত্র, সংলাপ ও গান নিয়ে তীব্র চর্চা চলছে। সঠিক আবহ বজায় রেখে রোমান্টিক গল্প তৈরি করতে পারলে তা মানুষের মন যেভাবে ছুঁয়ে যায়, তা অন্য কোনও ঘরানার পক্ষে সম্ভব নয়।”

তিনি আরও যোগ করেন, “কমেডির মতোই রোমান্টিক ঘরানার নাটকীয়তাকে সমৃদ্ধ করতে আমরা অত্যন্ত ইতিবাচক। আর এই নতুন তালিকার অন্যতম বড় অংশ হতে চলেছে ‘মুসাফির ক্যাফে সিজন ২’। প্রেম ও আকুলতার এই গল্পকে পরবর্তী রোমাঞ্চকর ধাপে নিয়ে যেতে আমরা মুখিয়ে আছি।”

সিরিজের স্রষ্টা ও লেখিকা শরণ্যা রাজগোপাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের এই কাজ যেভাবে মানুষ ভালোবেসেছেন, তাতে আমি আপ্লুত। একজন গল্পকার হিসেবে আমরা শুধু এটুকুই আশা করি যেন আমাদের চরিত্রগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। চন্দর, সুধা ও প্রীতির প্রতি দর্শক যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমার কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর।”

তিনি আরও বলেন, “দর্শকদের এই চরিত্রগুলোর সঙ্গে হাসতে, কাঁদতে এবং নিজেদের পছন্দের চরিত্রের জন্য সমর্থনে এগিয়ে আসতে দেখা আমার জন্য অত্যন্ত আবেগঘন ও পরম প্রাপ্তির।”

সিরিজের পরিচালক জানান, ভক্তরা এখনই এই চরিত্রগুলোকে বিদায় জানাতে প্রস্তুত ছিলেন না, আর তিনিও ছিলেন না। দর্শকদের এই ভালোবাসাই প্রমাণ করে যে, গল্পটি কেবল শুরু হল মাত্র। একই সঙ্গে নেটফ্লিক্সের সৃজনশীল সহায়তা জন্য ধন্যবাদ জানিয়ে তিনি জানান, সিজন ২ হতে চলেছে সেই সব দর্শকদের জন্য একটি ভালোবাসার বার্তা, যাঁরা প্রথম সিজনকে আপন করে নিয়েছিলেন।

বিশিষ্ট লেখক দিব্য প্রকাশ দুবের উপন্যাসের চরিত্রগুলোর ওপর ভিত্তি করে তৈরি এই সিরিজটি যৌথভাবে প্রযোজনা করেছে ‘টেরিবলি টাইনি টেলস’ এবং ‘হোমমেড স্টোরিজ’। বিক্রান্ত মাসে ছাড়াও এতে অভিনয় করেছেন বেদিকা পিন্টো, মহিমা মাকওয়ানা, আদিল হুসেন, রাজীব সিদ্ধার্থ, অনুভা ফতেপুরিয়া, লাভলীন মিশ্র এবং সাদিয়া সিদ্দিকী। তবে ‘মুসাফির ক্যাফে সিজন ২’-এর মুক্তির চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *