২০০-তে আটকে রাখা যাবে কি কলকাতার ওয়ার্ড? উঠছে প্রশ্ন
এই সময়: কলকাতার পুর এলাকার প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের প্রাথমিক একটি খসড়া রিপোর্ট রাজ্য নগরোন্নয়ন দপ্তরের কাছে মঙ্গলবার পাঠিয়েছে কলকাতা পুরসভা। এ দিন উত্তর কলকাতায় একটি সরকারি অনুষ্ঠানের শেষে রাজ্যের পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন,‘ ডিলিমিটেশন নিয়ে একটা কাজ করে ফেলেছে কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে বৈঠক হয়েছে। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই ডিলিমিটেশনের পরিকল্পনা করা হচ্ছে।’
১৪৪ ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় আরও ৫৬টি ওয়ার্ড বাড়িয়ে ২০০টি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল ডিলিমেটশেনের প্রক্রিয়া শুরুর প্রাথমিক পর্বে। মোট ১৪৪টি ওয়ার্ড রয়েছে ১৭টি বিধানসভার আওতায়। পুর কর্তৃপক্ষের লক্ষ্য হচ্ছে প্রতিটি ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৫ থেকে ১৭ হাজারের মধ্যে রাখা। যাতে মানুষের পরিষেবা পেতে সুবিধা হয়। পুরসভার একাধিক সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ওয়ার্ডকে অত বেশি ভোটার সংখ্যায় রাখতে হলে, প্রস্তাব অনুযায়ী ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৩৮ টির মতো। এই ৩৮ টি ওয়ার্ডকে কমিয়ে কী করে, ২০০–তে আনা যায়, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে।
আরও একটা বড় সমস্যা হচ্ছে, দুই ওয়ার্ডের সীমা নির্ণয় করতে গিয়েও অনেক জায়গায় জটিলতার মধ্যে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকদের।
জানা গিয়েছে, প্রস্তাবিত ওয়ার্ড সংখ্যাকে ২০০–র মধ্যে আনা ক্রমশঃ কঠিন হয়ে পড়ছে। অন্তত ২১৫ থেকে ২২০–র মধ্যে ওয়ার্ড সংখ্যা রাখার জোরদার চেষ্টা চলছে। একাধিক পুর আধিকারিক জানান, চূড়ান্ত খসড়া নির্ধারণ করবে রাজ্য সরকার। তারপরে এই বিষয়ে সররকারের পক্ষ থেকেই বিস্তারিত জানানো হবে।