কলকাতায় ৩ ঘণ্টায় LPG ডেলিভারি, শুরু Indane Xtralite NOW পরিষেবা
কলকাতা: রাজ্য রাজধানী শহরের গ্রাহকদের জন্য এলপিজি (LPG) পরিষেবায় বড় পরিবর্তন আনল ইন্ডিয়ানঅয়েল (Indian Oil)। রান্নার গ্যাস ফুরিয়ে গেলে আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না।…
কলকাতা: রাজ্য রাজধানী শহরের গ্রাহকদের জন্য এলপিজি (LPG) পরিষেবায় বড় পরিবর্তন আনল ইন্ডিয়ানঅয়েল (Indian Oil)। রান্নার গ্যাস ফুরিয়ে গেলে আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। সংস্থার নতুন Indane Xtralite NOW পরিষেবার মাধ্যমে বুকিং করার সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যেই ১০ কেজির কম্পোজিট LPG সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। দ্রুত ও স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
ইন্ডিয়ানঅয়েলের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পরিষেবা মূলত শহুরে পরিবার, কর্মজীবী মানুষ, ছোট পরিবার এবং আবাসনগুলির ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে চালু করা হয়েছে। দ্রুত ডেলিভারির পাশাপাশি গ্রাহকরা নিজেদের সুবিধামতো পছন্দের সময়ে সিলিন্ডার ডেলিভারির বিকল্পও বেছে নিতে পারবেন।
নতুন সংযোগ নেওয়া এবং রিফিল বুকিং, দু’টিই করা যাবে IndianOil ONE অ্যাপ এবং IndianOil-এর অফিসিয়াল কাস্টমার ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া ইন্ডিয়ানঅয়েলের Indane ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক এবং নির্বাচিত IndianOil রিটেল আউটলেট থেকেও এই পরিষেবা পাওয়া যাবে।
কলকাতায় Xtralite NOW-এর নতুন ১০ কেজির কম্পোজিট LPG সংযোগ নিতে গ্রাহকদের ৪,৮০৪ টাকা খরচ করতে হবে। এর সঙ্গে যদি নতুন রেগুলেটর নেওয়া হয়, তাহলে অতিরিক্ত ২৫০ টাকা এবং প্রযোজ্য GST দিতে হবে। অন্যদিকে হোস পাইপের জন্য খরচ হবে ১৯০ টাকা।
তবে দ্রুত পরিষেবার জন্য অতিরিক্ত খরচও করতে হবে। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটরস ফেডারেশনের সহ-সভাপতি বিজনবিহারী বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে Indane Xtralite NOW-এর আওতায় ১০ কেজির একটি রিফিল সিলিন্ডারের দাম ১,৬১৮ টাকা। অন্যদিকে একই ওজনের সাধারণ ১০ কেজির কম্পোজিট ডোমেস্টিক LPG রিফিলের দাম ৬৯১.৫০ টাকা। অর্থাৎ এক্সপ্রেস ডেলিভারি পরিষেবার জন্য গ্রাহকদের উল্লেখযোগ্য অতিরিক্ত মূল্য দিতে হবে।
ইন্ডিয়ানঅয়েলের দাবি, এই পরিষেবা শুধু দ্রুত ডেলিভারি নয়, বরং সুরক্ষা, স্বচ্ছতা এবং গ্রাহক সুবিধা বাড়ানোর লক্ষ্যেও চালু করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বুকিং এবং নির্দিষ্ট সময়ে ডেলিভারির সুযোগ থাকায় পরিষেবার মান আরও উন্নত হবে বলে সংস্থার আশা।
তবে সাধারণ গৃহস্থালির LPG ব্যবহারকারীদের জন্য আগের নিয়মই বহাল রয়েছে। বর্তমানে কলকাতায় একটি ডোমেস্টিক LPG সিলিন্ডার ডেলিভারির পর পরবর্তী রিফিল বুক করতে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক। এই নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, জরুরি পরিস্থিতিতে গ্যাসের প্রয়োজন হলে এই এক্সপ্রেস পরিষেবা শহরের বহু পরিবারের জন্য সুবিধাজনক হতে পারে। যদিও সাধারণ রিফিলের তুলনায় এর খরচ অনেক বেশি, তাই কোন পরিষেবা ব্যবহার করবেন, তা গ্রাহকদের প্রয়োজন এবং বাজেটের উপর নির্ভর করবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে কলকাতায় LPG ডেলিভারিকে আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার দিকেই বড় পদক্ষেপ নিল ইন্ডিয়ানঅয়েল।