২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ? নয়া ইঙ্গিত কেন্দ্রের
নয়াদিল্লি: ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা মার্চেন্ট চার্জ ধার্য করার আইনি পথ প্রশস্ত করতে চলেছে কেন্দ্র। গত মঙ্গলবার…
নয়াদিল্লি: ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা মার্চেন্ট চার্জ ধার্য করার আইনি পথ প্রশস্ত করতে চলেছে কেন্দ্র। গত মঙ্গলবার লোকসভায় ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পেশ করেছে সরকার। এই বিলের মাধ্যমে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর বেশ কিছু বিধিতে সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ব্যাংক ও পেমেন্ট সিস্টেম সংস্থাগুলির ওপর থেকে ফি ধার্যের বিদ্যমান আইনি বাধা দূর করবে।
সূত্রের খবর, এই প্রস্তাবিত পরিবর্তনের ফলে সাধারণ গ্রাহকদের পকেট থেকে অতিরিক্ত কোনো টাকা খসবে না। এছাড়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কেনাকাটায় এর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।শাকসবজি, দুধ, মুদিখানার কেনাকাটা কিংবা অটো-ট্যাক্সির ভাড়ার মতো দৈনন্দিন ছোটখাটো লেনদেনে কোনো অতিরিক্ত ফি বা চার্জ বসবে না। মূলত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে ২,০০০ টাকার উপরের কেনাকাটা বা লেনদেনের ক্ষেত্রেই এই মার্চেন্ট চার্জ চালু করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
লেনদেনের মাত্র ৫% হলেও মূল্যের ৬৫%
পরিসংখ্যান অনুযায়ী, ইউপিআই-এর মাধ্যমে ২,০০০ টাকার বেশি অঙ্কের লেনদেন মোট লেনদেনের সংখ্যার বিচারে মাত্র ৫ শতাংশ। তবে অর্থের মূল্যের বিচারে এই লেনদেনগুলি মোট ইউপিআই লেনদেনের প্রায় ৬৫ শতাংশ স্থান দখল করে রয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র তথ্য অনুসারে, কেবল জুলাই মাসেই ইউপিআই-এর মাধ্যমে রেকর্ড ২৯.৯ লক্ষ কোটি টাকার (২৩.৬৬ বিলিয়ন) লেনদেন সম্পন্ন হয়েছে।
কবে থেকে চালু হবে এই নিয়ম?
সরকারি সূত্রের খবর, এই আইন সংশোধনের প্রস্তাব করা হলেও এখনই এটি কার্যকর করার কোনো নির্দিষ্ট সময়সীমা বা চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি। এটি মূলত একটি আইনি পরিকাঠামো তৈরি করবে, যাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও অগ্রগতির জন্য ভবিষ্যতে ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা নির্দিষ্ট ক্ষেত্রে মার্চেন্ট চার্জ পুনরায় চালু করতে পারে। পেমেন্ট শিল্পসংস্থাগুলি দীর্ঘদিন ধরেই এই ধরনের ব্যবস্থার দাবি জানিয়ে আসছিল।
UPI-তে নতুন ইতিহাস! জুলাইয়ে লেনদেনের মূল্য ছুঁল ২৯.৮৮ লক্ষ কোটি টাকা