New Syllabus of West bengal: তবে কি বদলে যাচ্ছে স্কুলের সিলেবাস? ইঙ্গিত দিলেন মন্ত্রী | Syllabus may change in west bengal 2028
কলকাতা: পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার আগেই আগেই জানিয়েছে রাজ্য সরকার। এবার সিলেবাস পরিবর্তনের কথা জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। প্রথম শ্রেণি থেকে শুরু করে পুরো সিলেবাস আমুল বদলে যাবে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সিলেবাস কমিটির সঙ্গে বৈঠক আয়োজন করা হয়। সেখান থেকেই দীপক বর্মণের ইঙ্গিত, ২০২৮ সালে আমুল পরিবর্তন হবে সিলেবাসের।
ইতিমধ্যেই নয়া সিলেবাস কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির দায়িত্বে রয়েছেন অধ্যাপক দেবশিস চট্টোপাধ্যায়। এ দিন দীপকবাবু জানিয়েছেন, ২০২৭ সালের যে সিলেবাস রয়েছে তা আরও একবার খতিয়ে দেখা হয়েছে। তবে, পড়ুয়াদের পড়ায় যে বইগুলি সাহায্য় করেছে সেগুলিই রাখা হবে।
তবে আমূল পরিবর্তন হতে পারে ২০২৮ সালে। দীপক বর্মন বলেন, “বড় পরিকল্পনা আছে। ২০২৮ এ সিলেবাস পুর্নগঠিত হবে। জাতীয় শিক্ষানীতি মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিলেবাস মডিফিকেশন হবে। নিয়ম কানুন যা ছিল তাই থাকবে।”
তিনি এও জানিয়ে দিয়েছে, “এই বছর অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বাধায় পড়বার যে ব্যবস্থা রয়েছে তাই থাকবে।” কোনও কোনও সময় কিছু চ্যাপটার বাদ দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।”
স্কুলের ক্ষেত্রে একাধিক বদল ইতিমধ্যেই এনেছে রাজ্য সরকার। স্কুল ইউনিফর্ম থেকে বাদ দেওয়া হচ্ছে বিশ্ব বাংলা লোগো। অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ইউনিফর্মের রং পরিবর্তন করার কথাও আগেই ঘোষণা করা হয়েছে। নীল নয়, প্রতিটি স্কুল নিজের মতো রঙ পছন্দ করতে পারবে।