কোনো কারণ ছাড়াই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গেল ‘রিভিউ’-তে! কী জানাল মেটা?
কলকাতা: হঠাৎই বড়সড় সমস্যার মুখে বিশ্বের কোটি কোটি হোয়াটসঅ্যাপ ইউজার। সোমবার সন্ধ্যায় আচমকাই বহু ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে যায় ‘আন্ডার রিভিউ’ বা পর্যালোচনার অধীনে। ভারতসহ…
কলকাতা: হঠাৎই বড়সড় সমস্যার মুখে বিশ্বের কোটি কোটি হোয়াটসঅ্যাপ ইউজার। সোমবার সন্ধ্যায় আচমকাই বহু ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে যায় ‘আন্ডার রিভিউ’ বা পর্যালোচনার অধীনে। ভারতসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই সমস্যায় পড়ে মেটার জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার ভারতীয় সময় আনুমানিক রাত আটটা নাগাদ এই ত্রুটি সামনে আসে। আক্রান্ত ব্যবহারকারীরা জানান, অ্যাপ খুললেই স্ক্রিনে একটি ইন-অ্যাপ নোটিফিকেশন ভেসে উঠছে। যেখানে লেখা রয়েছে, “অ্যাকাউন্ট পর্যালোচনার অধীনে আছে। অনুরোধের তারিখ: ৩ আগস্ট ২০২৬। আমাদের পরিষেবার শর্তাবলী মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে আপনার অ্যাকাউন্টের কার্যকলাপ এবং ডিভাইসের তথ্য পরীক্ষা করা হচ্ছে। আমরা আপনাকে এর ফলাফল জানিয়ে দেব, সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে।”
এই নোটিফিকেশন আসার পর থেকেই চ্যাট বা অন্যান্য ফিচারগুলি ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। নিচে ‘কীভাবে দায়িত্বশীলভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন’ কিংবা ‘চুরি যাওয়া ফোন ও অ্যাকাউন্ট’ সংক্রান্ত গাইডেন্সের অপশন দেখালেও সরাসরি অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কী জানাল হোয়াটসঅ্যাপ?
এই ব্যাপক ভোগান্তির পর মুখ খুলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কোম্পানির এক মুখপাত্র পিটিআই-কে জানিয়েছেন, প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতে এবং ক্ষতিকর বা অপব্যবহারকারীদের চিহ্নিত করে অ্যাকাউন্ট ব্যান করতে তাঁরা সর্বদা সচেষ্ট থাকেন।
হোয়াটসঅ্যাপের মুখপাত্রের বক্তব্য, “আমাদের পরিষেবা অপব্যবহার করার চেষ্টাকারীদের বিরুদ্ধে আমরা সবসময় কাজ করে চলেছি এবং ব্যবহারকারীদের নিরাপদ রাখতে অ্যাকাউন্ট ব্যান করা হয়। তবে মাঝে মাঝে আমাদের সিস্টেমে ভুল হতে পারে। যদি তেমনটা ঘটে থাকে, তবে আমরা যত দ্রুত সম্ভব তা ঠিক করে ব্যবহারকারীদের চ্যাটিংয়ে ফেরানোর চেষ্টা করি।”
তবে ঠিক কতগুলি অ্যাকাউন্ট এই সমস্যার মুখে পড়েছে কিংবা এটি কোনো প্রযুক্তিগত গোলযোগ, স্বয়ংক্রিয় এনফোর্সমেন্ট সিস্টেমের ত্রুটি, নাকি কোনো বড়সড় অ্যান্টি-স্প্যাম উদ্যোগের ফল, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ব্যবহারকারীদের ক্ষোভ
অধিকাংশ ব্যবহারকারীরই দাবি, কোনো রকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই এবং নীতি লঙ্ঘন করার মতো কোনো কাজ না করা সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্ট হুট করে ‘রিভিউ’-তে চলে গেছে। এই আকস্মিক পদক্ষেপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এই সমস্যা নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ ছিল, নাকি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে মেটা দ্রুত এই সমস্যার সমাধান করে অ্যাকাউন্টগুলি স্বাভাবিক করবে বলেই আশা করছেন ওয়াকিবহাল মহল।
২০,০০০ ভোটে বাকীপুর উপনির্বাচনে জয় পেলেন পিকে
কোটি কোটি টাকার দুর্নীতি অভিষেকের! প্রমাণ হাতে দিল্লি যাচ্ছেন ঋতব্রত