আমেরিকায় ভিসা নবীকরণে বাড়তি খরচ, ট্রাম্পের কোপে বিপাকে ভারতীয়রা
নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এইচ-১বি (H-1B) ভিসার নিয়মে আরও কড়াকড়ি আনতে চলেছে। এবার থেকে পুরনো ভিসার মেয়াদ বৃদ্ধি বা নবীকরণের (Extension) ক্ষেত্রেও এক বিপুল অঙ্কের অতিরিক্ত ফি বা মাসুল গুনতে হবে। এতদিন শুধুমাত্র নতুন এইচ-১বি এবং এল-১ (L-1) ভিসার ক্ষেত্রেই এই অতিরিক্ত ফি প্রযোজ্য ছিল। ট্রাম্প প্রশাসনের এই নয়া প্রস্তাব কার্যকর হলে, আমেরিকায় কর্মরত বিদেশি পেশাদারদের ধরে রাখার ক্ষেত্রে সংস্থাগুলির খরচ একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়তে চলেছেন ভারতীয় কর্মীরা। কারণ, ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, এইচ-১বি ভিসা নবীকরণের সিংহভাগই ছিল ভারতীয়দের দখলে।
গত মাসে উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের নতুন এইচ-১বি ভিসার উপর ১ লক্ষ ডলার ফি আরোপের সিদ্ধান্ত বাতিল করেছিল একটি নিম্ন আদালত। সেই নির্দেশ স্থগিত রাখতে অস্বীকার করে মার্কিন ফেডারেল আপিল আদালত। এর পরেই ট্রাম্প প্রশাসনের এই নয়া ফি প্রসারণের সিদ্ধান্ত সামনে এল।
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সি ২০২৪ সালের জুন মাসে প্রথম এই সংক্রান্ত একটি প্রস্তাব প্রকাশ করে। ট্রাম্প প্রশাসনের ২০২৬ সালের ‘ইউনিফাইড রেগুলেটরি এজেন্ডা’-তে বর্তমানে এটি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত নির্দেশিকা জনসমক্ষে আসতে পারে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যোগ্য নিয়োগকারী সংস্থাগুলিকে নতুন এইচ-১বি এবং এল-১ আবেদন বা নিয়োগকর্তা পরিবর্তনের পাশাপাশি বর্তমান কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও “৯-১১ রেসপন্স অ্যান্ড বায়োমেট্রিক এন্ট্রি-এক্সিট ফি” দিতে হবে।
কারা আওতাভুক্ত হবেন?
মূলত যে সব সংস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০ জন বা তার বেশি কর্মী রয়েছেন এবং মোট কর্মীর অন্তত অর্ধেক এইচ-১বি বা এল-১ ভিসাধারী, তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
বর্তমানে এই সংস্থাগুলিকে নতুন এইচ-১বি আবেদনের জন্য কমপক্ষে ৪,০০০ ডলার এবং এল-১ আবেদনের জন্য ৪,৫০০ ডলার গুণতে হয়। প্রস্তাব অনুমোদিত হলে, কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধির প্রতিটি আবেদনের ক্ষেত্রেও এই বিপুল অঙ্কের ফি দিতে হবে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয়রা
এই প্রস্তাবিত পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেই সব সংস্থার উপর, যারা ভারতীয় পেশাদারদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবর্ষে মোট ৪,০৬,৩৪৮টি এইচ-১বি আবেদন অনুমোদিত হয়েছে। এর মধ্যে ২,৯১,৫৪২টি (প্রায় ৭২%) আবেদন ছিল বিদ্যমান কর্মসংস্থান চালিয়ে যাওয়ার বা নবীকরণের জন্য।
তাৎপর্যপূর্ণভাবে, এই নবীকরণের মধ্যে ২,২৬,৩৫৯টি অনুমোদনই পেয়েছেন ভারতীয়রা, যা মোট এইচ-১বি নবীকরণের ৭৭.৬ শতাংশ।
ফলে, প্রযুক্তি ক্ষেত্রে যে সমস্ত সংস্থায় বিপুল সংখ্যক ভারতীয় কর্মী রয়েছেন, তাঁদের ধরে রাখতে নিয়োগকারী সংস্থাগুলির ঘাড়ে বিশাল আর্থিক বোঝা চাপতে চলেছে।
সঙ্কটে পড়বে বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি
এইচ-১বি এবং এল-১ ভিসা নবীকরণে এই অতিরিক্ত ফি আরোপের জেরে বড় প্রযুক্তি সংস্থা এবং আইটি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি চরম বিপাকে পড়বে। ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসি (NFAP)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবর্ষে বিদ্যমান কর্মীদের ভিসা নবীকরণে অনুমোদনের নিরিখে শীর্ষ স্থানে ছিল-
অ্যামাজন (Amazon): ১৪,৫৩২টি
টিসিএস (TCS): ৫,২৯৩টি
মাইক্রোসফ্ট (Microsoft): ৪,৮৬৩টি
মেটা (Meta): ৪,৭৪০টি
অ্যাপল (Apple): ৪,৬১০টি
গুগল (Google): ৪,৫০৯টি
এছাড়া, বহুজাতিক কোম্পানিগুলির ক্ষেত্রেও এল-১ ভিসা নবীকরণের খরচ বাড়বে, যা মূলত বিদেশ থেকে বিশেষজ্ঞ কর্মী ও ম্যানেজারদের আমেরিকায় স্থানান্তরিত করার জন্য ব্যবহৃত হয়।
কেন এই নয়া ফি?
মার্কিন প্রশাসনের দাবি, এই বর্ধিত ফি থেকে প্রাপ্ত অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োমেট্রিক এন্ট্রি-এক্সিট সিস্টেমের তহবিলে সাহায্য করবে। এই সিস্টেমে ফেসিয়াল রিকগনিশন এবং অন্যান্য বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীদের নিখুঁতভাবে যাচাই করা হয়। সরকারের অনুমান, এই নিয়মের ফলে বছরে অতিরিক্ত ১৫৭.৩ মিলিয়ন ডলার রাজস্ব আদায় হবে।
৩০৬ বছরের রেকর্ড ভেঙে গিনেস বুকে নাম! ১৮ বছরে বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক নাথান
‘ভারতের আর্টিকেল ৩৭০ বাতিলের কূটনৈতিক চালে খুলে গিয়েছে পাক সরকারের মুখোশ!’ দাবি পাক বিশেষজ্ঞের