স্থলবন্দরের জন্য উচ্ছেদ, মানবিক দৃষ্টিভঙ্গির বার্তা
এই সময়: ভারত-ভুটান বাণিজ্য বাড়াতে আলিপুরদুয়ারের জয়গাঁয় স্থলবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু তা করতে গিয়ে উচ্ছেদ বিতর্কের মুখে কেন্দ্র-রাজ্য দুই-ই। জয়গাঁয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) প্রকল্পের জন্য আলিপুরদুয়ারের তোর্ষা চা-বাগান এলাকার আদিবাসীদের উচ্ছেদের অভিযোগ ঘিরে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। সেই মামলায় কেন্দ্র-রাজ্যকে মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়ার বার্তা দিল হাইকোর্ট।
সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কী ধরনের মানবিক পদক্ষেপ করা যেতে পারে তা কেন্দ্র ও রাজ্য সরকারকে জানাতে বলেছে।
আলিপুরদুয়ারের তোর্ষা চা-বাগান মৌজায় জয়গাঁ স্থলবন্দর নির্মাণের জন্য ইতিমধ্যেই পাঁচিল তোলার কাজ শুরু হয়েছে। তার জেরে প্রায় ৮১টি আদিবাসী পরিবারকে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে বলে একটি চা-বাগান শ্রমিক সংগঠন হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে।
সংগঠনটির বক্তব্য, ভূমি অধিগ্রহণ, ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন আইন ২০১৩ না মেনেই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্য দিকে, রাজ্যের আইনজীবী আদালতে জানান, সংশ্লিষ্ট পরিবারগুলি সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে বসবাস করছেন। ফলে ওই জমিতে তাঁদের কোনও আইনগত অধিকার নেই।
এ দিন মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘ওই পরিবারগুলি ১৯৪০ সাল থেকে ওই এলাকায় বসবাস করছে। ভোটার পরিচয়পত্র-সহ বিভিন্ন সরকারি নথি রয়েছে। আইন মেনে পুনর্বাসনের ব্যবস্থা না করে এ ভাবে উচ্ছেদ করা যায় না।’
দু’পক্ষের বক্তব্য শোনার পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, কেন্দ্র ও রাজ্যের আইনজীবীদের বলে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কী করা সম্ভব, তা বিবেচনা করে আদালতকে জানাতে হবে। একই সঙ্গে কেন্দ্র, রাজ্য এবং মামলাকারী-সব পক্ষকেই হলফনামা আকারে তাদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।