লাইভে ফোনের বন্যা, পুর পরিষেবায় গুচ্ছ অভিযোগ
এই সময়, শিলিগুড়ি: টানা সাড়ে চার বছর ধরে লাইভ অনুষ্ঠান করে তৃণমূল পরিচালিত পুরসভা শহরের বাসিন্দাদের সমস্যার সমাধান আদৌ কতটুকু করতে পেরেছিল, তা নিয়ে প্রশ্ন উঠে গেল। রবিবার রাজ্যের নয়া পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল লাইভ অনুষ্ঠান করেন। শিলিগুড়ির পুরভবনে বসে ফোনে বাসিন্দাদের অভিযোগ শোনেন। এক ঘণ্টার অনুষ্ঠানে ৩৭টি ফোন ধরেন তিনি। তার মধ্যে কেবল শিলিগুড়ি পুর এলাকা থেকেই আসে ৩৪টি ফোন। ঘুরে ফিরে বাসিন্দারা যে অভিযোগ পুরমন্ত্রীকে জানান তার সারার্থ, শহরের বেহাল রাস্তাঘাট, আবর্জনার স্তূপ, পানীয় জল সরবরাহে গাফিলতি, বেআইনি ভবন নির্মাণ।