বৃষ্টিতে ক্লাসঘরে জমে জল, বিপাকে পড়ুয়ারা
এই সময়, ডায়মন্ড হারবার: অল্প বৃষ্টিতেই জলমগ্ন ডায়মন্ড হারবারের রায়নগর কেএস পুর বিদ্যালয়। সম্প্রতি কয়েকদিনের টানা বৃষ্টিতে স্কুলের মেন গেট, একাধিক শ্রেণিকক্ষ, শৌচাগার এবং গোটা স্কুল চত্বর জলে ডুবে যায়। তার ফলে স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হচ্ছে। দীর্ঘক্ষণ জল জমে থাকায় স্কুল প্রাঙ্গণে সাপ ও ব্যাঙের উপদ্রবও বেড়েছে। ফলে আতঙ্কের মধ্যেই স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। এই পরিস্থিতিতে দ্রুত ও স্থায়ী জলনিকাশি ব্যবস্থার দাবি তুলেছেন স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি হলেই স্কুলের মূল গেটের সামনে জল জমে যায়। হাঁটু পর্যন্ত জল ডিঙিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে ছাত্রছাত্রীদের। মূল ভবনের দক্ষিণ দিকের অন্তত চারটি ক্লাসরুমেও জল ঢুকেছে। মেঝেয় জল জমে যাওয়ায় সেখানে নিয়মিত ক্লাস নেওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বিকল্প কক্ষে ক্লাস করাতে হচ্ছে বা কিছু ক্ষেত্রে পঠনপাঠন বন্ধ রাখতে হচ্ছে। টানা কয়েকদিন জল জমে থাকায় স্কুলের পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।
জমা জলে সাপ ও ব্যাঙ স্কুল চত্বরে ঢুকে পড়ছে। শিক্ষক ও অভিভাবকদের আশঙ্কা, এ ভাবে জল জমে থাকলে সংক্রামক রোগের ঝুঁকিও বাড়তে পারে। অভিভাবকদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। তারই প্রভাব পড়ছে স্কুলের উপরে। বর্ষাকালে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।
অভিভাবক নমিতা হালদার, সন্দীপ মাঝিরা বলেন, ‘বর্ষায় ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক।’ স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দন রায় বলেন, ‘সত্যিই খুব সমস্যা হচ্ছে। পুর প্রশাসনকে জানানো হয়েছে। আমরা চাই দ্রুত সমাধান হোক, যাতে পড়ুয়াদের আর দুর্ভোগ পোহাতে না হয়।’ প্রশাসনের পক্ষ জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।