PM Narendra Modi: কমনওয়েলথে বড় সাফল্য ভারতের, ক্রীড়াবিদদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! | PM Narendra Modi Congratulates Team India After Memorable Commonwealth Games 2026 Campaign - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: কমনওয়েলথে বড় সাফল্য ভারতের, ক্রীড়াবিদদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! | PM Narendra Modi Congratulates Team India After Memorable Commonwealth Games 2026 Campaign

Spread the love

নয়াদিল্লি : গতকাল শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। মোট ৩৯টি পদক নিয়ে ক্রমতালিকার চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। সেই সাফল্যের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারতের দুর্দান্ত সাফল্যের জন্য জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। গ্লাসগোতে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৩৯টি পদকের মধ্যে ১৩টি সোনা ও ১৭টি রুপো পেয়েছে ভারত। ১১ দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়া এক্স-এ প্রধানমন্ত্রী ভারতের পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই সাফল্য আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে ও দেশের খেলাধুলার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলবে।

প্রধানমন্ত্রী লিখেছেন, “গ্লাসগো কমনওয়েলথ গেমসে আমাদের দলের পারফরম্যান্সে আমি গর্বিত। ভারত ১৩টি সোনাসহ মোট ৩৯টি পদক জিতেছে, যা অত্যন্ত আনন্দের। সব পদকজয়ী ক্রীড়াবিদকে আন্তরিক অভিনন্দন। পুরো প্রতিযোগিতা জুড়ে আমাদের প্রতিভাবান ক্রীড়াবিদরা অসাধারণ দক্ষতা, অদম্য লড়াইয়ের মানসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁদের কঠোর পরিশ্রম আগামী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে।” নিজের বার্তার শেষে মোদী লেখেন,“সমগ্র ভারতীয় দলকে আগামী দিনের জন্য আমার আন্তরিক শুভকামনা। আশা করি, তাঁরা ভবিষ্যতেও নিজেদের সেরাটা যেন উজাড় করে দিয়ে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবেন।”

ভারতের সফল কমনওয়েলথ অভিযানের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা দেন। গ্লাসগোতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারত ১৩টি সোনা, ১৭টি রুপো, ৯টি ব্রোঞ্জ জিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডার পরে চতুর্থ স্থান দখল করেছে। যদিও ২০২২ সালে বার্মিংহ্যামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারত মোট ৬১টি পদক জিতেছিল, তাই তুলনা করলে দেখা যাবে এবার পদকসংখ্যা কম। কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, এবার ৯টি বড় ইভেন্ট যেমন হকি, শ্যুটিং, ব্যাডমিন্টন ছিল না। বার্মিংহ্যামে ৬১টির মধ্যে ৩০টি পদকই এসেছিল এই ইভেন্টগুলি থেকে।

এর পাশাপাশি, ২০২২ সালে ভারতীয় দলে ছিলেন মোট ২১০ জন ক্রীড়াবিদ কিন্তু এই বছর সংখ্যাটা কমে হয়েছে ১২২ জন। এত ছোট দল নিয়েও চতুর্থ স্থান দখল করা মুখের কথা নয়। ভারতের ৩৮ জন ক্রীড়াবিদ অন্তত একটি করে পদক জিতে দেশে ফিরেছেন, যা প্রমাণ করে প্রত্যেকের ব্যক্তিগত সাফল্য কত বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *