Indian Cricket: জসপ্রীত বুমরার বদলি ঘোষণা, প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন আকিব নবি! | Akib Nabi Earns Maiden India Call Up as Jasprit Bumrah Misses Sri Lanka Tour
কলকাতা : গতকালই শোনা গিয়েছিল, আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বুমরা খেলতে পারবেন না। এরপরেই ভারতীয় মহলে চর্চা শুরু হয়, বুমরার বদলি তাহলে কে হবেন? শোনা গিয়েছিল, খুব সম্ভবত আকিব নবিকে সুযোগ দিতে পারে ভারত। অবশেষে সেই খবরেই পড়ল সিলমোহর। বুমরার বদলি হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আকিব নবি। জম্মু-কাশ্মীরের এই পেসার এই মরসুমের রঞ্জিতে খুব ভাল বোলিং করেছিলেন। সুযোগ পেয়েছিলেন আইপিএলেও। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন আইপিএলে। এবার তাঁর কাছে সুযোগ ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর।
অতীতে জম্মু-কাশ্মীর থেকে স্পিনার পারভেজ রসুলকে দেখা গিয়েছিল জাতীয় দলে খেলতে। এবার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পেলেন নবি। ফিটনেস টেস্টে পাশ করার পরেও জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন বুমরা। তাই দলে নেওয়া হয়েছে এই ২৯ বছর বয়সী পেসারকে। দিন কয়েক আগেই ইন্ডিয়া এ-র হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন নবি। সেই ২ প্রথম শ্রেণীর ম্যাচে ৬ উইকেটও পেয়েছিলেন তিনি। ২০২৫-২৬ সিজনে রঞ্জি ট্রফিতে ৬০ উইকেট পেয়েছেন তিনি। দুই বছর রঞ্জি খেলেই ১০৪ উইকেট চলে এসেছে তাঁর ঝুলিতে। জম্মু-কাশ্মীরের প্রথম রঞ্জি ট্রফি জয়ে বড় ভূমিকা ছিল নবির। ৪৩টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১৬২টি উইকেট পেয়েছেন নবি।
১৫ অগাস্ট থেকে ১৯ অগাস্ট গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত। আবার ২৩ অগাস্ট থেকে ২৭ অগাস্ট পর্যন্ত কলম্বোতে খেলা হবে দ্বিতীয় টেস্ট। যদিও, বুমরার অনুপস্থিতি ভারতের কাছে এক বিশাল ধাক্কা কারণ এই টেস্ট ডব্লিউটিসি সাইকেলের অন্তর্ভুক্ত। যদি এই সিরিজেও ভারত ২-০ না জেতে, তাহলে ডব্লিউটিসি ফাইনাল খেলার সুযোগ আরও ক্ষীণ হয়ে যাবে টিম ইন্ডিয়ার কাছে। তাই ম্যাচ জিততে গেলে ভাল পারফরম্যান্স করতেই হবে ভারতকে। আর সেই জন্যই নবির কাছে আশাবাদী টিম ইন্ডিয়া। তাই জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ কতটা কাজে লাগান নবি, সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।