Cooch Behar: এবার বিজেপি নেতাদের লক্ষ্য করে উড়ে এল ডিম! | Get the latest News of BJP, Protest in Cooch Behar’s Sitalkuchi, eggs thrown to Leaders
শীতলকুচি: তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে চলা যাবে না। কাটমানি খাওয়া যাবে না। এই নিয়ে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের শীতলকুচির ছোট শালবাড়ি। বিক্ষোভ-উত্তেজনার একাধিক ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োতে যেমন নেতাদের ঘিরে বিক্ষোভের ছবি সামনে এসেছে। তেমনই মারধর ও ডিম ছোড়ার ভিডিয়োও রয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বকে ঘিরেই এই বিক্ষোভ ও ডিম ছোড়ার ঘটনা বলে জানা গিয়েছে। অভিযোগ, বিজেপির অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করেই এদিন শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি এলাকার পঞ্চারহাট বাজার সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বসাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয় বিজেপির একাংশ। দলের কয়েকজন নেতার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন তাঁরা। বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি পবিত্র অধিকারী ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার, মহিলা মোর্চার সভানেত্রী বিউটি বর্মণ, প্রাক্তন আহ্বায়ক কনক বর্মণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এছাড়াও একাংশ কর্মী দলীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। নেতাদের পুলিশ গাড়িতে তোলার সময় তাঁদের লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপ করা হয়। পাশাপাশি কয়েকজন বিজেপি কর্মী মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ছোট শালবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তবে এই ঘটনার বিষয়ে বিজেপি কিংবা পুলিশের পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যদিও বিক্ষোভকারীদের বক্তব্য, এলাকায় কাটমানি খাওয়া যাবে না। কোনও নেতা কাটমানি খেলে এলাকায় তাঁকে ঢুকতে দেওয়া হবে না। সেজন্যই সাধারণ মানুষ স্বত-স্ফূর্তভাবে বিক্ষোভে সামিল হয়েছেন। বিজেপির একাংশ নেতার বিরুদ্ধে সরব হয়ে তাঁদের দাবি, “তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের নিয়ে চলতে চাইছেন বিজেপির কয়েকজন নেতা। কিন্তু, তৃণমূলের সদস্যদের নিয়ে চলা যাবে না।”