কাজু-ফল থেকে মদ, গোয়ার ‘কেশিও ওয়াইন’ এ বার জঙ্গলমহলে - 24 Ghanta Bangla News
Home

কাজু-ফল থেকে মদ, গোয়ার ‘কেশিও ওয়াইন’ এ বার জঙ্গলমহলে

Spread the love

এই সময়, ঝাড়গ্রাম: গোয়ার ঐতিহ্যবাহী ‘কেশিও ওয়াইন’ এ বার তৈরি হবে জঙ্গলমহলেও। রপ্তানি করা হবে বিদেশেও। খুলে যাবে কর্মসংস্থানের নতুন দিশা। এমনই বার্তা দিলেন ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।

কাজুবাদামের ফল থেকে তৈরি এক প্রকার মদ ‘কেশিও ওয়াইন’। যা গোয়ায় প্রসিদ্ধ। এ ক্ষেত্রে গোয়ার সঙ্গে জঙ্গলমহলকে জুড়ে দেওয়ার কারণ, জঙ্গলমহল জুড়ে প্রচুর কাজুবাগান রয়েছে। কাজুর বীজ ছাড়া কাজুর পুরো ফল (স্থানীয় ভাষায় যাকে ভেলা বলা হয়) নষ্ট হয়। সেই ফল থেকে মদ তৈরির জন্য কারখানা গড়ে তোলা হবে ঝাড়গ্রামে। ফলে কর্মসংস্থানের নতুন পথও খুলে যাবে বলে আশাবাদী বিধায়ক। তিনি বলেন, ‘এই অঞ্চলে প্রচুর কাজুবাগান রয়েছে। কাজুর বীজ ছাড়া পুরো ফলটি নষ্ট হয়ে যায়। তা যাতে না হয় তার জন্য কাজুর ‘কেশিও ওয়াইন’ যা গোয়ায় রয়েছে, আমরা ভাবছি যদি এখানেও একটি কারখানা নির্মাণ করা যায়। আমরা রপ্তানিও করতে পারব। এ ভাবে জাতীয় কর্মসংস্থান গড়ে তুলতে চাইছি।’

কাজুর ফল থেকে দুই প্রকারের ‘কেশিও ওয়াইন’ তৈরি হয়। উরাক এবং ফেনি। কাজুর ফলকে বিশেষ প্রক্রিয়াজাত করে উরাক তৈরি হয়। যেখানে ১৪ থেকে ১৫ শতাংশ অ্যালকোহল থাকে। উরাককে দ্বিতীয়বার প্রক্রিয়াজাত করলে তৈরি হয় ফেনি। যেখানে ৪০ থেকে ৪৫ শতাংশ অ্যালকোহল থেকে। যা গোয়ার সুরাপ্রেমীদের কাছে জনপ্রিয়।

ঝাড়গ্রাম জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, জামবনি ছাড়াও অন্যান্য ব্লক মিলিয়ে ৩ হাজার ৪১৫ হেক্টর জায়গায় কাজু বাগান রয়েছে। কাজুর ফল যা কাজু আপেল নামে পরিচিত তা পাওয়া যায় ৩০ হাজার মেট্রিকটন। এর থেকে জ্যাম, জুস, জেলি এবং কেশিও ওয়াইন তৈরি করা যায়। কিন্তু বর্তমানে এর পুরোটাই নষ্ট হয়।

শালবনির কাজু বাগানের মালিক শ্যামসুন্দর মাহাত বলেন, ‘কাজুর বীজ তুলে নেওয়ার পরে ফলটা নষ্ট হয়। অনেক ক্ষেত্রে হাতি ও গবাদি পশু খেয়ে ফেলে। কাজুর ফল পাঁচ থেকে দশ টাকা প্রতি কেজি বিক্রি হলে অনেকটাই উপার্জন বাড়বে। কাজুর ফল থেকে এখানে কেশিও ওয়াইন তৈরির কারখানা গড়লে ফল আর নষ্ট হবে না। আয়ও বাড়বে বাগান মালিকদের।’ নয়াগ্রামের বাসিন্দা প্রশান্ত বেরা বলেন, ‘চাষের কাজ ছাড়া অন্য কাজ নেই এলাকায়। বহু ছেলে গুজরাট, মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছে। আমিও পরিযায়ী শ্রমিক। এখানে যে কোনও কারখানা তৈরি হলে আমার মতো অনেককে আর বাইরে কাজ করতে যেতে হবে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *