Gianni Infantino: ফিফায় নতুন বিতর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে উয়েফা! | Gianni Infantino Faces UEFA Revolt After FIFA Scraps Controversial World Cup Rights Plan
জুরিখ : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর (Gianni Infantino) বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে উয়েফা (UEFA)। বিশ্বকাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ত্বের অংশ বেসরকারি সংস্থার কাছে বিক্রি করার পরিকল্পনা বাতিল হওয়ার পরেই ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সংবাদমাধ্যম জানিয়েছে, ইনফান্তিনো নিজে থেকে পদত্যাগ না করলেই তাঁর বিরুদ্ধে এই প্রস্তাব আনবে উয়েফা।
এই সংবাদ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। কারণ, উয়েফার ৫৫টি সদস্য দেশই এই সিদ্ধান্তকে সমর্থন করতে তৈরী। ফিফার নিয়ম অনুযায়ী, ৪৩টি সদস্য দেশের সমর্থন পেলেই অনাস্থা প্রস্তাব আনা যাবে। শনিবার ফিফা তাদের বিতর্কিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তের পরও ফিফার নেতৃত্বের কড়া সমালোচনা করেছে উয়েফা। উয়েফার দাবি, বিশ্বকাপসহ বড় টুর্নার্মেন্টগুলির বাণিজ্যিক সত্ত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার প্রস্তাব তারা মানবে না। শুধু উয়েফা নয়, একই দাবি কনকাকাফ, এএফসি-সহ অনেক ফুটবল সংস্থারই।
উয়েফা জানিয়েছে, এই প্রস্তাব বাতিল হওয়া গোটা ফুটবল বিশ্বের জয়। তাদের স্পষ্ট বক্তব্য, ফুটবল বিক্রি করা যাবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যাঁরা কথা বলেছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা। তারা অভিযোগ জানিয়েছে, বর্তমান ফিফা নেতৃত্ব তাদের আস্থা হারিয়েছে। ২০১৬ সালে ফিফা সভাপতি হওয়ার সময় ইনফান্তিনো যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রাখতে পারেননি। এই বিতর্কের কেন্দ্র ছিল ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপ-সহ বড় প্রতিযোগিতাগুলির বাণিজ্যিক অধিকার একটি নতুন সংস্থার হাতে তুলে দিয়ে সেখানে বাইরের বিনিয়োগকারীদের অংশীদার দেওয়ার পরিকল্পনা ছিল। ফিফার দাবি ছিল, এর ফলে সদস্য দেশগুলি আরও বেশি করে অর্থ পাবে যার ফলে তাদের উন্নয়ন হবে। তবে বিভিন্ন দেশগুলির বিদ্রোহের কারণে ফিফা নিজেই এই পরিকল্পনা বাতিল করেছিল। তবে এবার উয়েফার এই অনাস্থা প্রস্তাবে বিতর্ক যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।