শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে জোরালো সওয়াল তসলিমা নাসরিনের
দেশে থাকা উচিত ছিল হাসিনার
২০২৪ সালে ছাত্র-জনতার বিক্ষোভের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে, ওই বছরের ৫ অগস্ট ভারতে চলে আসেন তিনি। তবে হাসিনার দেশে থাকা উচিত ছিল বলে মনে করেন তসলিমা। প্রায় দুই দশক পর কলকাতায় ফিরেছেন তসলিমা। শনিবার রবীন্দ্রসদনে তাঁর একটি বই প্রকাশিত হয়েছে। আর, রবিবার,অ্যাকাডেমিতে গিয়েছিলেন তসলিমা। সেখানে সাংবাদিক বৈঠকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পক্ষে সওয়াল করেন তিনি। তাঁর মতে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে নিজের দলকে নেতৃত্ব দেওয়ার এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। যেভাবে আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল বলেও মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক পদ্ধতি মেনে করা হয়নি। আওয়ামি লিগকে রাজনীতি করতে না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টিও সম্পূর্ণ অগণতান্ত্রিক বলেও জানিয়েছেন এই লেখিকা।