তিন দিন পরে মিলল বিখ্যাত নেপালি পর্বতারোহী পূরজার দেহ
ব্রড পিক (৮০৫১ মিটার) অভিযানে গিয়ে ভয়াবহ তুষারধসের মুখে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া বিখ্যাত নেপালি পর্বতারোহী এবং ব্রিটিশ রয়্যাল ফোর্সের প্রাক্তন সদস্য নির্মল পূরজার দেহ অবশেষে মিলল। তবে নির্মলের সঙ্গে আর যে পাঁচ জন নিখোঁজ হন, তাঁদের হদিশ এখনও মেলেনি।
গত বৃহস্পতিবার বিপর্যয়ের মুখে পড়ে নির্মলদের দলটি। তার পরে শুক্রবার সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ। তখন চার জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। নির্মল-সহ বাকি ছ’জন নিখোঁজ ছিলেন। তার পরে রবিবার ৫৭০০ মিটার উচ্চতায় নির্মলের নিথর দেহ মেলে। অ্যালপাইন ক্লাব অফ পাকিস্তান জানিয়েছে, যে জায়গা থেকে নির্মলের দেহ মিলেছে, তার অদূরে আরও তিনটি দেহ রয়েছে। কিন্তু মৃতদের পরিচয় এখনও স্পষ্ট নয়। দেহগুলি উদ্ধার করে জাপানিজ় ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা উদ্ধারকারী বাহিনীর।