আপস বদলিতে আগাম আর্জিতে আগে সুযোগ, প্রকাশ বিজ্ঞপ্তি
সমস্ত নথি যাচাইয়ের পরে পোর্টালের মাধ্যমে পারস্পরিক বদলির সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে কমিশন জানিয়েছে। শিক্ষক–শিক্ষিকাদের বক্তব্য, ২০২২–এর সেপ্টেম্বর থেকেই স্কুলশিক্ষা দপ্তরের নির্দেশে নিয়োগের জন্য পোর্টাল বন্ধ করা হয়েছিল। কিন্তু আপস বদলির আবেদন জমা নেওয়া হচ্ছিল। ওই বছরের ডিসেম্বরে সেটাও বন্ধ করা হয়। আবার ২০২৫–এর জানুয়ারি থেকে আপস-বদলির আবেদন নেওয়া হচ্ছিল। কিন্তু ২০২৬–এর জুন পর্যন্ত সেগুলো কার্যকর করা হয়নি বলে অভিযোগ। কমিশন জানিয়েছে, দীর্ঘদিন পোর্টাল বন্ধ ছিল। তাই আগের আবেদনগুলির নিষ্পত্তি আগে করা হচ্ছে। যদিও সাধারণ বদলির আবেদনের জন্য পোর্টাল বন্ধ ছিল। ‘অল বেঙ্গল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে’র রাজ্য সম্পাদক চন্দন গরাইয়ের দাবি, ‘আপস বদলিতে স্কুলে পঠনপাঠনের কোনও সমস্যা হয় না। তাই এসএসসি রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সল্টলেকের অফিসে এনে সময় নষ্ট না করে, পোর্টালের মাধ্যমে অনলাইনে সম্মতি দিলে সময়ও বাঁচে এবং বদলি প্রক্রিয়া আরও সহজ হবে।’