West Bengal Weather Update: রোদ দেখে ধোঁকা খাবেন না, ভারী বৃষ্টি শুরু হবে, জারি হয়ে গেল অ্যালার্ট | West Bengal Weather Update: Don’t Get Fooled by Sun, Heavy Rainfall to Begin from Tomorrow, Orange Alert Issued for these Districts
বাংলায় আবার বৃষ্টির পূর্বাভাস।Image Credit: PTI
কলকাতা: নিম্নচাপের ফাঁড়া কেটেছে বাংলার উপর থেকে। তবে বৃষ্টি থেকে মুক্তি মিলছে না এখনই। উত্তরবঙ্গে আজ ও আগামিকাল ভারী বৃষ্টির সর্তকতা। রবি এবং সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিস্টেম–
যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা মধ্য প্রদেশের দিকে সরে যাবে। সরাসরি এর প্রভাব আর নেই বাংলাতে।
অন্য়দিকে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে ছত্তীসগঢ়ের নিম্নচাপের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
আজ দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে; কোথাও আবার হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে ছয় জেলাতে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবার থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া-
উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
রবিবার ফের অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। তিন জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি এবং অতি বৃষ্টিতে ধসের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। অতিবৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। তিস্তা তোর্সা, রাইডাক, জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে। এর জেরে চাষের ক্ষতি হতে পারে।
কলকাতার আবহাওয়া-
শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে কলকাতায়। বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা বেশি না হলেও, সামান্য অস্বস্তি হতে পারে । বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২১.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৯.৬ মিলিমিটার।