নাগাল্যান্ডে ভূমিধসে মৃত্যু দুই ভাইয়ের, আহত মা-ও
টানা বৃষ্টির জেরে ভূমিধস নাগাল্যান্ডে। বুধবার, এই ভুমিধসে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। নাগাল্যান্ডের মোককচুং জেলার আপার পেনালি ওয়ার্ডে ওই ভূমিধসের ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৃতদের মা–ও। প্রশাসন সূত্রে খবর, এদিনের ঘটনায় মৃত্যু হয়েছে মুওয়ালং সাংতাম (১৯) এবং থ্রিদিবা সাংতাম (১৬)–এর। দু’জনেই স্কুল পড়ুয়া। টুয়েনসাং জেলার আলিসোপুর গ্রামের ওই বাসিন্দারা পড়াশোনার জন্য আপার পেনালি ওয়ার্ডে মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। সাংতাম ব্যাপ্টিস্ট চার্চের যাজকের বাসভবনের ঠিক ওপরের দিকে অবস্থিত ওই বাড়িটি ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়। আহত মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রসঙ্গত, গত কয়েকদিনে বৃষ্টির জেরে নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায় ভুমিধস হয়েছে। ওই এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী।