Sealdah Station: শিয়ালদহে যাতায়াত আরও সোজা, বড় পদক্ষেপ রেলের | Eastern railway has taken a new initiative to make travel easier and more comfortable for long distance passengers at sealdah station
কলকাতা: শিয়ালদহ স্টেশনে দূরপাল্লার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে নতুন পদক্ষেপ পূর্ব রেলের। চালু নয়া সেন্ট্রাল গেট। এতদিন যাত্রীদের মূলত প্রফুল্ল দ্বার, নর্থ গেট, মেইন গেট এবং সাউথ গেটের ওপর নির্ভর করতে হতো। লোকাল ও দূরপাল্লার যাত্রীদের একই গেট ব্যবহারের ফলে স্টেশনে প্রবল ভিড়ের চাপও থাকতো। সেই সমস্যা মেটাতেই এই নতুন উদ্যোগ।
নতুন সেন্ট্রাল গেটের ফলে মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা লোকাল ট্রেনের ভিড় এড়িয়ে সরাসরি নিজেদের নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। গেটের ঠিক বাইরেই প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ড থাকায় যাত্রীদের ট্রেন থেকে নেমে গন্তব্যে পৌঁছানো সহজ হবে। একইসঙ্গে ভারী মালপত্র নিয়ে যাতায়াত, প্রবীণ নাগরিক, মহিলা, শিশু এবং পর্যটকদের ক্ষেত্রে এই আলাদা গেটটি আগামীতে অন্যতম প্রধান যাতায়াতের মাধ্যম হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ভিড় এড়াতে রেলের তরফে প্ল্যাটফর্ম অনুযায়ী নির্দিষ্ট গেট ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয়েছে…
প্ল্যাটফর্ম ১-৫ (মেইন লাইন): প্রফুল্ল দ্বার অথবা নর্থ গেট।
প্ল্যাটফর্ম ৬-১০ (নর্থ/মেইন লাইন): মেইন গেট।
প্ল্যাটফর্ম ১১-১৪ (মেল/এক্সপ্রেস): নতুন সেন্ট্রাল গেট।
প্ল্যাটফর্ম ১৫-২১ (দক্ষিণ শাখা): সাউথ গেট।
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং স্টেশনের আধুনিকীকরণের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনে এই সেন্ট্রাল গেটের কাছে অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা (পিক-আপ ও ড্রপ-অফ) এবং আধুনিক শৌচাগার তৈরির পরিকল্পনাও রয়েছে রেলের।