India vs Brazil Match: পুজোর আগেই বড় উপহার, ৩ অক্টোবর কলকাতায় ভারত বনাম ব্রাজিল | A major pre Puja gift: India vs. Brazil in Kolkata on October 3
কলকাতা: ৩ অক্টোবর কলকাতায় ভারত বনাম ব্রাজিল। প্রথমবার ভারতে খেলতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক ম্যাচ। যে ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। প্রথম বার ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। ফলে পুজোর আগেই যে বড় উপহার কলকাতার তা আর বলার অপেক্ষা রাখে না।
এর আগে ভারত নেহেরু কাপে ভারত আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে। কিন্তু ব্রাজিলের বিরুদ্ধে ভারত কখনও খেলেনি। ফলে এই খেলা যে রীতিমতো ইতিহাস তৈরি করতে চলেছে, স্বপ্নপূরণ করতে চলেছে ভারত তা বলার অপেক্ষা রাখে না। মোহনবাগান দিবসের মঞ্চ থেকে ভারত বনাম ব্রাজিল ম্যাচের ঐতিহাসিক দিন ঘোষণা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের।
অন্যদিকে বিদেশের ক্লাবের স্টেডিয়ামের মতো বাংলার তিন প্রধানকে পর্যটনের সঙ্গে যুক্ত করার ভাবনা রাজ্যের। মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এসে জানালেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। তবে তার জন্য ফুটবলের মান উন্নয়ন প্রয়োজন। একমাত্র সেটা হলেই বাংলার শতাব্দী প্রাচীন ক্লাবগুলোকে পর্যটনের সঙ্গে যুক্ত করে বিশ্বের দরবারে তুলে ধরা যাবে বলে মত তাঁর। মন্ত্রীর নতুন ভাবনার কথা ঘোষণার পরেই তা নিয়ে ক্রীড়া মহলের পাশাপাশি পর্যটন মহলেও চর্চা শুরু হয়ে গিয়েছে।
একইসঙ্গে এবার সিলেবাসে ইস্টবেঙ্গল মোহনবাগান এর অন্তর্ভুক্তির পরিকল্পনা। তবে পুরো সিদ্ধান্তই বিশেষজ্ঞ কমিটির। তাদের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে সিলেবাসে অন্তর্ভুক্তি হবে কিনা, মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এসে জানালেন স্কুল ও শিক্ষামন্ত্রী দীপক বর্মন।