যানজটের জেরে নাকাল শহরের বাসিন্দারা
এই সময়, শিলিগুড়ি: শহরের যানজট কমানোর ভাবনায় তৈরি বর্ধমান রোডের রেল ওভারব্রিজ এখন শিলিগুড়ির যানজটের কারণ হয়ে উঠেছে। মাত্র দু’দিন হলো বর্ধমান রোডের রেল ওভারব্রিজ তৈরি হয়েছে। অথচ দু’দিনের মধ্যে যানজটের জেরে নাকাল শহরের বাসিন্দারা। রেল ওভারব্রিজ তৈরির ভাবনায় ত্রুটি, না কি যান নিয়ন্ত্রণ ব্যবস্থায় গলদ, তার হিসাব করতেই গলদঘর্ম অবস্থা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্র্যাফিক) কাজি শামসুদ্দিন আহমেদ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তাঁরা।