Karishma Tanna Varun Bangera: গুরুপূর্ণিমার পূণ্যলগ্নে মা হলেন করিশ্মা, ছেলে হল না মেয়ে? | Karishma Tanna, Varun Bangera Welcome Baby Boy on Guru Purnima
গুরুপূর্ণিমার পুণ্যতিথিতে ভক্তদের বড় চমক দিলেন অভিনেত্রী করিশ্মা তান্না (Karishma Tanna)! অনেক দিন ধরেই তাঁর মা হওয়ার পথচেয়ে বসেছিলেন অনুরাগীরা। সোশাল মিডিয়ায় তাঁর প্রতিটি পোস্টে নজর রাখছিলেন ভক্তরা। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। মা হলেন অভিনেত্রী! কিন্তু জীবনের এই নতুন অধ্যায়ে তাঁর কোল আলো করে কে এল, ছেলে নাকি মেয়ে? এই নিয়ে সোশাল মিডিয়ায় যখন জোর চর্চা ও কৌতূহল, ঠিক তখনই নিজেই সেই জল্পনা মিটিয়ে দিলেন করিশ্মা ও তাঁর স্বামী বরুণ বঙ্গেরা (Varun Bangera)।
ইনস্টাগ্রামে একটি ভীষণ মিষ্টি ছবি পোস্ট করে করিশ্মা নিজেই জানিয়েছেন, কোল আলো করে এক রাজপুত্র এসেছে তাঁদের ঘরে! শেয়ার করা সাদা-কালো ছবিটিতে নতুন অতিথির মিষ্টি দুটো পা ফুটে উঠেছে। পায়ের ছোট্ট আঙুলে ঝোলানো একটি ট্যাগে পরিষ্কার লেখা, ‘সে এসে গিয়েছে’। আর ছবির ওপর বড় বড় হরফে লেখা রয়েছে, “পুত্রসন্তান হয়েছে! করিষ্মা ও বরুণ। আমাদের জীবনের সেরা আশীর্বাদ।” অর্থাৎ, বরুণ ও করিষ্মার সংসারে এক ফুটফুটে ছেলে সন্তানেরই আগমন ঘটেছে।
এই খবরটি সামনে আসা মাত্রই নেটপাড়ায় একদম হইচই পড়ে গিয়েছে। তারকারা থেকে শুরু করে ভক্তরা, সবাই কমেন্ট সেকশনে শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন। প্রিয় অভিনেত্রীর ছেলে হয়েছে শুনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউড ও টেলি পাড়ার কলাকুশলীরা। খুশি কাপুর, স্মৃতি ইরানি, কিকু শার্দা থেকে শুরু করে সোনু সুদ, নেহা ধূপিয়ার মতো তারকারা সকলেই এই নতুন বাবা-মাকে প্রাণঢালা ভালোবাসা ও নতুন জীবনের জন্য আশীর্বাদ জানিয়েছেন।
২০২১ সাল থেকে প্রেম করার পর ২০২২ সালে চার হাত এক হয়েছিল করিষ্মা ও বরুণের। বেশ জমকালোভাবেই বসেছিল তাঁদের বিয়ের আসর। চলতি বছরের এপ্রিলে নিজেই মা হতে চলার সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ‘স্কুপ’ খ্যাত এই অভিনেত্রী। মে মাসে সম্পূর্ণ ‘তুলু’ ঐতিহ্য মেনে আয়োজন করা হয়েছিল তাঁর মিষ্টি সাধের অনুষ্ঠানও। অবশেষে বছরের সবচেয়ে পবিত্র দিন গুরুপূর্ণিমার দিনে পুত্রসন্তানকে কোলে তুলে নিয়ে নিজেদের নতুন জীবন শুরু করলেন বরুণ ও করিষ্মা।