Coal Scam Case: লাল টমেটোর নিচে কালো কয়লা! গাড়ি উল্টোতেই সব ফাঁস, নতুন-নতুন পাচারের ধরন দেখছে বাংলা | One person trying to smuggle coal under tomato in purba bardhaman
বর্ধমানে অভিনব পাচার
Image Credit: Tv9 Bangla
বর্ধমান: দুর্নীতিতে জিরো টলারেন্স। ক্ষমতায় আসার পর থেকেই কড়া নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মতো প্রতি মুহূর্তে পদক্ষেপ করছেন তিনি। এই আবহের মধ্যেই এবার অভিনব কায়দায় কয়লা পরিবহন করতে গিয়ে বর্ধমান-বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কের ওপর গোবিন্দপুরে উল্টে গেল কয়লা বোঝাই পিক-আপ ভ্যান। আর তখনই বেরিয়ে এল তথ্য়। টমেটো দিয়ে ঢাকা ছিল কয়লা বোঝাই পিক-আপ ভ্যান।
পূর্ব বর্ধমানের আউশগ্রামের গোবিন্দপুরের ঘটনা। সেখানেই প্রকাশ্যে এল বেআইনি কয়লা ‘পাচারের’ অভিনব কৌশল। বুধবার সকালে বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুসকরা ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরার দিকে যাওয়ার সময় গাড়িটির পিছনের চাকা খুলে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উল্টে যায়। তখনই গাড়ির ভিতরে লুকিয়ে রাখা কয়লার বোঝা প্রকাশ্যে চলে আসে।
অভিযোগ, পুলিশের নজর এড়াতে গাড়ির ডালার চারপাশে সবজির ট্রে লাগিয়ে সেটিকে সবজিবাহী গাড়ির ছদ্মবেশ দেওয়া হয়েছিল। পুলিশ গাড়িটিকে আটক করেছে। তারা কয়লার উৎস, গন্তব্য এবং এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে।
স্থানীয় বাসিন্দা সুদর্শন পাল জানান, “আমি গাড়িটি উল্টে যাওয়ার পর চালক সাহায্য করলছিলাম। তখনই দেখি টমেটোর নিচ থেকে বেরিয় এসেছে কয়লা। পুষ্পা সিনেমায় দেখেছিলাম পাচারের কৌশল। আজ বাস্তবে দেখলাম।” আর এক বাসিন্দা মলয় মণ্ডল জানান, “এই কায়দা খুবই অভিনব। টমেটো সহ নানা সব্জি দিয়ে ছদ্মবেশ পড়ানো হয় গাড়িটিকে।”