Annapurna Yojana: যোগ্যরা কেউ যাতে বাদ না যায়, অগস্ট থেকে ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বড় পরিকল্পনা বিজেপির | Annapurna Yojana: BJP’s new initiative to start from August in all over west bengal
কলকাতা: ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) নিয়ে এবার প্রচারে রাজ্য বিজেপির মহিলা মোর্চা। নেওয়া হয়েছে এক বিশেষ কর্মসূচি, যার পোশাকি নাম ‘বৈঠকি আড্ডা’। আগামী মাসের শুরু থেকে জেলায় জেলায় শুরু হবে সেই কর্মসূচি। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। মে মাসে বিজেপি (BJP) সরকার ক্ষমতায় আসার পর জুন মাস থেকেই চালু হয় এই প্রকল্প। জুন ও জুলাই মাসের টাকা ঢুকে গিয়েছে ইতিমধ্যেই। অগস্ট মাসের ৩০ তারিখের মধ্যে সব যোগ্যদের নাম নথিভুক্ত হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই এই কর্মসূচি নেওয়া হল।
কী এই কর্মসূচি?
সাধারণ উপভোক্তা, যাঁরা অন্নপূর্ণা যোজনা পাওয়ার সব শর্ত পূরণের অধিকারী, অথচ যোজনার সুবিধা পাচ্ছেন না, তাঁদের সকলের কাছে পৌঁছনর পরিকল্পনা করেছে বিজেপির মহিলা নেতৃত্ব।
উপভোক্তাদের সঙ্গে কথা বলে, তাঁদের কী সুবিধা বা অসুবিধা হচ্ছে, সেগুলো নিয়ে বিভিন্ন এলাকায় এই কর্মসূচি করবে মহিলা মোর্চা।
যাঁরা যোগ্য, অথচ এখনও যোজনার লাভ বা সুবিধা পাননি, তাঁদের যে উদ্বেগ বা চিন্তার কারণ নেই, সেটাও প্রচারে তুলে ধরবে শাসক দলের মহিলা নেতৃত্ব। আশ্বস্ত করবে যোগ্য মহিলাদের। যোগ্য একজন মহিলাও যাতে বাদ না যায়, তাও খতিয়ে দেখা এই কর্মসূচির অঙ্গ।
ইতিমধ্যেই এই নিয়ে মন্ডল স্তরে প্রশিক্ষণ শিবির চলছে। সেই শিবিরে এহেন নির্দেশ দিয়েছেন রাজ্যের পদাধিকারীরা।
অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাঁদের অসুবিধা হচ্ছে, অথবা যাঁরা ফর্ম পূরণ করতে গিয়ে কোনও ভুল করেছেন, তাঁদেরও সহায়তা দেওয়া হবে। অসুবিধা হলে সাহায্য করবে পদ্ম নেতৃত্ব।
সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে যে প্রচার চলছে, তাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।