একের পর এক অভিযোগ, মঙ্গলে ফের মালদায় FIR দায়ের শ্রীলেখার বিরুদ্ধে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কুরুচিকর’ ছবি প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে। মঙ্গলবার হবিবপুর থানায় অভিযোগ দায়ের করলেন মালদার বিজেপি নেতা তারাশঙ্কর রায়। মঙ্গলবার দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে র্যালি করে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন তিনি।
বিজেপি নেতার দাবি, গত ২৪ জুলাই নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত আন্দোলনে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কুরুচিকর’ ছবি প্রকাশ্যে তুলে ধরেন। তাঁর অভিযোগ, এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুন্ন হয়েছে এবং তা জনমনে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। থানায় যাওয়ার আগে বিজেপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন এবং শ্রীলেখা মিত্রের কুশপুতুল দাহ করেন।
রবিবারে আনন্দপুর ও বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এর পরে সোমবার টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় আরও তিন থানায়। পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। মুর্শিদাবাদের বহরমপুর বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে ঠাকুরপুকুর থানা ও মেদিনীপুরের কোতোয়ালি থানায়।
প্রসঙ্গত, শুক্রবার কলকাতায় নিট আন্দোলনের মিছিলে গিয়েছিলেন শ্রীলেখা। প্রতিবাদ মিছিলে তাঁর হাতে থাকা একটি পোস্টারকে ঘিরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী মোদীর বেশ কিছু কুরুচিকর ছবি ব্যবহার করেছেন অভিনেত্রী। যদিও শ্রীলেখার বিরুদ্ধে এমন অভিযোগ প্রথম নয়। এর আগেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের নেতা-মন্ত্রীদেরও কটূক্তি করেছেন।