ইভটিজ়িংয়ের প্রতিবাদ করায় মারধর তরুণকে, দায়ের অভিযোগ
এই সময়, মগরা: বন্ধুর দিদিকে উত্যক্ত করছিল যুবক। একদল প্রতিবাদ করতেই যুবককে মারধর করার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। আক্রান্তের নাম রণবীর ঘোষাল। বাড়ি চুঁচুড়া থানা এলাকায়। মগরা থানায় অভিযোগ দায়ের করতেই তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মগরা থানার বাঁশবেড়িয়ায় রণবীরের মামাবাড়ি। কয়েকদিন আগে বাঁশবেড়িয়া দিয়ে সাইকেলে করে যাওয়ার সময়ে বেলতলার কাছে বন্ধুর দিদিকে উত্যক্ত করে অভিযুক্তরা। রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করেন রণবীর। ওই সময়ে অভিযুক্তদের সঙ্গে বচসাও হয়। তখনকার মতো সব মিটে যায়।
অভিযোগ, শুক্রবার স্থানীয় মেলায় যান রণবীর। ওই সময়ে মুখে কাপড় বেঁধে কয়েকজন তাঁর উপরে চড়াও হয়ে এলোপাথাড়ি ঘুসি মারতে থাকে। তাঁর চোখেমুখে গুরুতর আঘাত লাগে। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। রণবীর বলেন, ‘আমি অভিযুক্তদের চিনতে পেরেছি। পুলিশের কাছে লিখিত ভাবে সব জানিয়েছি। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই।’
আক্রান্তের বাবা পেশায় ক্যারাটে প্রশিক্ষক অয়ন ঘোষাল বলেন, ‘ছেলের চোখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছেলের উপরে পরিকল্পিত ভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। আমি চাই, সরকার গুন্ডা দমন আইন প্রয়োগ করে দুষ্কৃতীদের কঠিনতম শাস্তির ব্যবস্থা করুক।’