Anupam Kher: ‘DDLJ’-এর রেলওয়ে স্টেশনে ফের গেলেন অনুপম খের, মোদী সরকারের কাছে কী আর্জি তাঁর? | Anupam Kher visits Apta station DDLJ shooting spot
ঠিক যেন ৩০ বছর আগের সেই ফ্ল্যাশব্যাক! শাহরুখ খানের পর্দার বাবা ‘ধরমবীর মালহোত্রা’ ফিরে গেলেন তাঁর সেই পুরনো দিনে। সম্প্রতি ‘ডিডিএলজে’-র ঐতিহাসিক শুটিং লোকেশন ‘আপটা’ (Apta) রেলওয়ে স্টেশনে পা রেখেছিলেন অনুপম খের। আর সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিতেই শুরু হয়েছে হইচই।
হিন্দি সিনেমার ইতিহাসে ট্রেনের সেই শেষ দৃশ্যটি এক মাইলফলক, যেখানে ট্রেনের দরজায় দাঁড়ানো রাজের দিকে দৌড়ে আসছেন সিমরন। এই দৃশ্যের শুটিং হয়েছিল যে স্টেশনে, সেই ‘আপটা’ স্টেশনেই সম্প্রতি পৌঁছে যান অনুপম। স্মৃতিতে ডুব দিয়ে অভিনেতা জানান, সিসিলিতে গিয়ে মানুষ যেমন ‘দ্য গডফাদার’ ছবির আমেজ খোঁজেন, ভারতীয় সিনেমার দর্শকদের কাছে এই স্টেশনটিও ঠিক তেমনই এক তীর্থস্থান। ভিডিও বার্তায় অনুপম খের শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত যশ চোপড়া এবং পরিচালক আদিত্য চোপড়াকে। তিনি বলেন, “শুটিংয়ের সময় আমাদের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে আমরা ইতিহাস তৈরি করতে চলেছি। এমন এক আইকনিক ছবির অংশ হতে পেরে আমি গর্বিত।”
শুধুমাত্র স্মৃতিচারণেই থেমে থাকেননি অনুপম। বর্ষীয়ান এই অভিনেতা সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে ‘আপটা’ রেলওয়ে স্টেশনটিকে সরকারিভাবে একটি ‘পর্যটন কেন্দ্র’ হিসেবে ঘোষণা করা হয়। তাঁর মতে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হিন্দি সিনেমার কোটি কোটি ভক্তদের কাছে এই জায়গার মাহাত্ম্য অপরিসীম। তাই একে হেরিটেজ ট্যুরিজম হিসেবে গড়ে তোলা উচিত। অনুপম খেরের এই প্রস্তাব সামনে আসতেই নেটপাড়ায় খুশির হাওয়া। শাহরুখ-কাজল ভক্তরা সমস্বরে অভিনেতার এই দাবিকে সমর্থন জানিয়েছেন। এখন দেখার, রুপোলি পর্দার এই নস্ট্যালজিয়াকে পর্যটনের মানচিত্রে জায়গা দিতে সরকার কী পদক্ষেপ নেয়।