Nitin Gadkari: E20-তে লাভবান হচ্ছে নিতিন গড়করীর পরিবার? হাইকোর্টে ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী | Nitin Gadkari & His Family benefitted from E20 Ethanol Blending Programme? He Files Lawsuit Case in Bombay High Court
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী।Image Credit: PTI
মুম্বই: ই২০ বিতর্ক আবহেই এবার বম্বে হাইকোর্টে (Bombay High Court)-র দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী (Nitin Gadkari)। ই২০ ইথানল প্রোগ্রামের (E20 Ethanol Programme) সঙ্গে তাঁকে ও তাঁর পরিবারকে যুক্ত করা এবং তাদের বিরুদ্ধে সম্মানহানিকর পোস্ট করা নিয়েই হাইকোর্টে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ইথানল নিয়ে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে যে মানহানিকর এবং ডিপফেক পোস্ট করা হচ্ছে, তাতে সম্মানহানি হচ্ছে। এর জন্য মেটা সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে সিভিল স্যুট দায়ের করার অনুমতি চান তিনি, যেখান থেকে এই ধরনের পোস্ট শেয়ার করা হয়েছে। আদালত সেই অনুমতিও দিয়েছে।
নিতিন গড়করী লেটার্স পেটেন্টের (Letters Patent) ১২ ধারা অনুযায়ী আদালতে একটি ‘লিভ পিটিশন’ (Leave Petition) দায়ের করেছেন। এটি একটি আইনি প্রক্রিয়া, যা তখন অনুসরণ করতে হয় যখন মামলার কিছু অংশের ঘটনা বম্বে হাইকোর্টের ভৌগোলিক (আঞ্চলিক) এক্তিয়ারের বাইরে ঘটে।
এই বিধান অনুযায়ী, যদি আদালত অনুমতি দেয়, তাহলে মামলার কিছু অংশ আদালতের নির্ধারিত এলাকার বাইরে ঘটলেও বম্বে হাইকোর্ট তার অরিজিনাল সিভিল জুরিসডিকশন-এর আওতায় সেই মামলা গ্রহণ করে শুনানি করতে পারে।
মামলায় বলা হয়েছে, বিতর্কিত পোস্ট এবং ডিপফেক ভিডিয়োগুলিতে নিতিন গড়করী ও তাঁর পরিবারের সঙ্গে E20 ইথানল কর্মসূচি থেকে আর্থিক লাভের অভিযোগ জুড়ে দেওয়া হয়েছে। যদিও ইথানল মিশ্রণের নীতি বাস্তবায়নের দায়িত্ব পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের, গড়করী বা তাঁর পরিবারের নয়।
মামলাটির শুনানি চলছিল বিচারপতি অভয় আহুজার বেঞ্চে। গড়করীর পক্ষে আইনজীবী সন্দীপ এস লাড্ডা আদালতে জানান, বিতর্কিত পোস্ট ও ডিপফেক কনটেন্টগুলি মুম্বই থেকেও দেখা যাচ্ছে এবং সেগুলি মুম্বইয়ের মানুষদের দেখার উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে। তাই এই মামলার একটি গুরুত্বপূর্ণ অংশের ঘটনা বম্বে হাইকোর্টের বিচারাধীন এলাকার মধ্যেই ঘটেছে বলে আদালতের এই মামলার শুনানি করার এক্তিয়ার রয়েছে। ইন্টারনেটের মাধ্যমে মুম্বই ছাড়াও অন্য়ান্য জায়গায় ভিডিয়ো দেখানো হচ্ছে। শুনানির পর আদালত গড়করীকে মামলা করার অনুমতি দেওয়া হয়।
এর আগে নাগপুরে চারজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল ই২০ ব্লেন্ডিং প্রোগ্রামের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গড়করীর নাম জুড়ে মিথ্যা তথ্য প্রচার করার জন্য।