‘পেলেট-অর্ডার কার?’ শাহকে বিঁধে চিঠি রাহুলের
দিল্লি পুলিশ সরাসরি রিপোর্ট করে স্বরাষ্ট্র মন্ত্রককে৷ সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে নিশানা করেছে বিরোধী শিবির৷ এই মর্মে শাহকে ইতিমধ্যেই একটি চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী৷ ২৫ জুলাই তারিখে লেখা সেই চিঠি রবিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশও করেছেন রাহুল৷ চিঠিতে স্পষ্ট বার্তা— ‘২০ জুলাই পড়ুয়াদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যে বর্বরোচিত আঘাত করা হয়েছে, তার জবাব চাইছি। পড়ুয়ারা স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছিলেন। কেন তাঁদের টার্গেট করে পেলেট গান দাগা হলো?’ এই প্রসঙ্গেই শাহের কাছে রাহুলের প্রশ্ন— তিনি না হলে দিল্লি পুলিশকে ছররা ছোড়ার নির্দেশ কে দিয়েছিলেন? সাধারণ পোশাকে যারা পড়ুয়াদের পেটাচ্ছিল, তারা কি সত্যি পুলিশ, নাকি স্বেচ্ছাসেবী? এদের নিয়োগ করল কারা? একইসঙ্গে রাহুলের দাবি, প্রতিবাদীদের রক্ষা করা, তাঁদের কথা শোনার দায়িত্ব আসলে সরকারের। কিন্তু এই সরকার তা করেনি। সেই কারণেই দেশের ভবিষ্যত প্রজন্মের ধারক ও বাহক পড়ুয়ারা এ বার সরাসরি জবাব চাইছেন৷ একইসঙ্গে রাহুলের দাবি, পড়ুয়াদের উপরে দিল্লি পুলিশের ‘বর্বর’ আচরণের জন্য পড়ুয়াদের সামনেই ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷