টোটোকে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ল বাস, মৃত এক, আহত দুই যাত্রী
টোটোকে ধাক্কা মেরে নয়ানজুলিতে নেমে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনায় মৃত এক যাত্রী। আহত হয়েছেন দুই যাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে কালনা কাটোয়া STKK রোডের নান্দাই পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায়। মৃত যাত্রীর নাম মিহি জান বিবি (৬০) । আহতরা কালনা হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের দিকে কৃষ্ণনগর থেকে দুর্গাপুর যাচ্ছিল বাসটি। প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বাসটিতে। নান্দাই পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় বাসটি একটি টোটোকে ধাক্কা মেরে নয়নজুলিতে নেমে যায়।
এলাকার বাসিন্দারা যাত্রীদের বাস থেকে উদ্ধার করেন। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে, বাসে থাকা যাত্রীদের কিছু না হলেও টোটোতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে।