Katrina replaces Deepika: দীপিকা আউট ক্যাটরিনা ইন! প্রভাসের ‘স্পিরিট’-এ বড় চমক | Katrina Kaif offered key role in Prabhas’ Spirit after Deepika Padukone’s exit
প্রভাস (Prabhas)-এর বহু প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’ (Spirit) নিয়ে তোলপাড় দাক্ষিণাত্য থেকে বলিউড। সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga)-র এই প্যান-ইন্ডিয়া অ্যাকশন প্রজেক্ট ঘোষণা হওয়ার পর থেকেই সিনেমাপ্রেমীদের নজরে। তবে সম্প্রতি ছবির কাস্টিং নিয়ে তৈরি হয়েছে মারাত্মক চর্চা। শোনা যাচ্ছিল, ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে। কিন্তু একগুচ্ছ শর্ত ও পারিশ্রমিক সংক্রান্ত মতানৈক্যের কারণে তিনি এখন এই প্রজেক্ট থেকে আউট! আর ঠিক তারপরেই ছবিতে এন্ট্রি নিতে চলেছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)।
সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ ২০ বছর পর আবার তেলুগু বড় পর্দায় কামব্যাক করবেন ক্যাটরিনা। এর আগে ২০০৪ সালে ‘মলেশ্বরী’ এবং ২০০৫ সালে ‘আল্লারি পিডুগু’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
সূত্রের খবর, প্রযোজক ও পরিচালক ক্যাটরিনা কাইফকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ চরিত্রের জন্য প্রস্তাব পাঠিয়েছেন। যদিও সিনেমায় তাঁর স্ক্রিন টাইম খুব বেশি লম্বা হবে না, তবে গল্পের মোড় ঘোরাতে এবং মূল প্লটকে এগিয়ে নিয়ে যেতে তাঁর চরিত্রটি বড় ভূমিকা নেবে। অন্যদিকে, এই ছবিতে প্রভাসের বিপরীতে নায়িকা হিসেবে তেলেগু ছবিতে ডেবিউ করছেন তৃপ্তি দিমরি (Triptii Dimri)।
কিন্তু হঠাৎ দীপিকা বাদ পড়লেন কেন?
শোনা যাচ্ছে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা দীপিকার একের পর এক শর্তে মোটেও খুশি ছিলেন না। রিপোর্ট অনুযায়ী, দীপিকা নাকি ৪০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করার পাশাপাশি সিনেমার প্রফিট শেয়ারিং বা লভ্যাংশের অংশও চেয়ে বসেছিলেন। শুধু তা-ই নয়, দিনে মাত্র ৬ ঘণ্টা শুটিংয়ের দিনক্ষণ বাঁধা এবং তেলুগু ভাষায় সংলাপ না বলার শর্তও ছিল তাঁর। আর এসব কারণের জন্যই নাকি তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেন চিত্র নির্মাতারা ।
তবে ক্যাটরিনা সত্যিই এই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা নিয়ে এখনও কোনও অফিশিয়াল সিলমোহর পড়েনি। ‘অ্যানিম্যাল’-এর বিপুল সাফল্যের পর সন্দ্বীপের এই ছবি নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, প্রভাসের সঙ্গে ক্যাটের এই নয়া সমীকরণ পর্দায় কতটা ঝড় তুলতে পারে!