রথের মেলা থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনা, বাগদায় মৃত্যু দুই বন্ধুর
অজিজের বাড়ির লোকেরা জানিয়েছেন, মেলা থেকে বেরোনোর সময় আজিজ মাকে ফোন করেছিলেন। তখন মাকে জানিয়েছিলেন, বাড়িতে ফিরে এসে তিনি ভাত খাবে। তার জন্য মাকে থালায় ভাত সাজিয়ে রাখতে বলেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্গাপুর মোড়ের কাছে হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বড় একটি কদমফুল গাছে সজোরে ধাক্কা মারে। বাইকটি চালাচ্ছিলেন নিতাই। দুই বন্ধুর কারও মাথায় হেলমেট ছিল না। গাছে ধাক্কা মারার পরে দু’জনেই ছিটকে পড়ে যান রাস্তায়। তখন রাত প্রায় সাড়ে ১১টা। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন, দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। স্থানীয় একজন চিকিৎসক এসে তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকেরা। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। নিতাইয়ের জেঠু বিশ্বজিৎ দেবনাথ বলেন, ‘দুই বন্ধুই ভিনরাজ্যে কাজ করে। দু’জনেই ক’দিন আগে বাড়ি ফিরেছিল। কী ভাবে যে দুর্ঘটনা ঘটল, বুঝতেই পারছি না।’