কলকাতায় টানা বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে আগামী ৩ দিন ভিজবে দক্ষিণবঙ্গ
কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে তৈরি হয়েছে৷ নিম্নচাপছ আর তারজেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (Kolkata Weather) বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী…
কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে তৈরি হয়েছে৷ নিম্নচাপছ আর তারজেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (Kolkata Weather) বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (Regional Meteorological Centre) জানিয়েছে, নিম্নচাপের সঙ্গে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে এবং একই এলাকায় অবস্থান করার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough) এই নিম্নচাপের কেন্দ্রের উপর দিয়েই উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কলকাতায় মাঝারি মাত্রার টানা বৃষ্টি চলতে পারে।
Also Read | বিধানসভা থেকে তৃণমূল আমলের বিতর্কিত পুলিশ অফিসারদের সাসপেন্ড মুখ্যমন্ত্রীর
আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক এইচ. আর. বিশ্বাস জানান, নিম্নচাপের প্রভাব ওড়িশায় বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলি বেশি বৃষ্টিপাত পেতে পারে। তবে কলকাতাতেও এক বা দু’দফা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শনিবার কলকাতার বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শহরে ৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদিন আকাশ মেঘলা থাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা দুটি এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
Also Read | কলকাতায় NEET আন্দোলনে উত্তেজনা! গ্রেফতার কুণাল ঘোষ
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের পরামর্শ, আগামী কয়েক দিন প্রয়োজন ছাড়া ভারী বৃষ্টির সময় বাইরে না যাওয়াই ভালো। বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।