এসেছে নতুন অ্যাপ, ডুমস্ক্রোলিং থেকে মিলবে মুক্তি?
সুপর্ণ মুখোপাধ্যায়
আপনার অনলাইন ডুমস্ক্রোলিংয়ের অভ্যাস আছে? আপনি কি নিরন্তর ফোন স্ক্রোল করে যান। দিন-রাত আপনার চোখ থাকে মোবাইলের স্ক্রিনে? শুধু আপনিই নয়, এখন এই অভ্যাস আট থেকে আশির। এই সমস্যা থেকে মুক্তি দিতে এসেছে একটি অ্যাপ। এর নাম মিভো স্ক্রোলিং। এটির মূল কাজ নিয়ত মোবাইল ব্যবহারকারীদের স্ক্রিন টাইম মাপা। ফোন ব্যবহারকারীর নিত্য দিনের অভ্যাস কেমন, সে সম্পর্কেও তথ্য দেয় এই অ্যাপ।
এত দূর পড়লে, মিভো অ্যাপটিকে জনপ্রিয় কিছু স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট অ্যাপের মতোই মনে হতে পারে। তবে আদতে এটা নয়। এর আসল পার্থক্য হলো অ্যাপের কাজের পদ্ধতিতে। মিভো অ্যাপ ব্যবহারকারীদের উপরে কোনও শর্ত চাপায় না। বরং ব্যবহারকারী স্ক্রিন টাইম বাড়াবেন কি না কিংবা স্ক্রোল চালিয়ে যাবেন কি না, সেটা তিনি নিজেই ঠিক করেন। এই অ্যাপের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীর অভ্যাসে বদল আনা। আপাতত অ্যাপটি অ্যানড্রয়েড স্টোরে মিলছে না, বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে শুধুমাত্র অ্যাপল অ্যাপ স্টোর থেকেই।
এখন স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি কমাতে অনেক সংস্থাই কাজ করছে। উদাহরণস্বরূপ, বলা যেতে পারে ‘বন্ড’ অ্যাপটির কথা। এআই ব্যবহার করে ব্যবহারকারীদের লাইফস্টাইল উন্নত করার পরামর্শ দেয় এই অ্যাপ। সোশ্যাল মিডিয়া কী ভাবে শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, সে বিষয়েও সচেতনতা তৈরি করে। চলতি মাসেই ড্রিমবিনস নামে একটি অ্যাপ এনেছে গুগল। ডুমস্ক্রোলিং কমানোর জন্যই তা ব্যবহার করা যাচ্ছে।
কী কী রয়েছে এই অ্যাপে?
মিভোর বেশিরভাগ ফিচারই এমন ভাবে তৈরি যাতে ব্যবহারকারীরা স্ক্রোলিংয়ের সময়ের ব্যাপারে আরও সচেতন হতে পারেন। অযথা স্ক্রোলিংয়ের থেকে নিজেদের বিরতও রাখতে পারেন।
অ্যাপ ব্লকিং না থাকা: এই অ্যাপে নির্দিষ্ট কোনও অ্যাপ পুরোপুরি ব্লক করা হয় না।
কাস্টমাইজ়ড সময়সীমা: ব্যবহারকারীরা নিজের পছন্দমতো স্ক্রোলিং সেশনের সময় নির্ধারণ করতে পারেন। উদাহরণস্বরূপ, দিনে ১ ঘণ্টার একটি সেশন ঠিক করে নেওয়া যায় এবং সেই সময়ে কোন কোন অ্যাপ ব্যবহার করা হবে তা বেছে নেওয়া যায়।
সচেতনতামূলক পপ-আপ: সেশন শেষ হলে স্ক্রিনে একটি পপ-আপ মেসেজ আসবে, যা ব্যবহারকারীকে মনে করিয়ে দেয়, তিনি কেন স্ক্রোল করছেন। তিনি কী বিরক্ত, অন্যমনস্ক না কি কেবল ক্লান্তি দূর করতে স্ক্রোল করছেন? এর সঙ্গে ব্যবহারকারীকে জিজ্ঞেস করা হয় যে এই সময়টি তার কোনও কাজে লেগেছে, না কি তিনি কেবল সময়ের ফাঁদে হারিয়ে গিয়েছেন।
বিরতি বা পজ় সেট করা: ব্যবহারকারীরা কয়েক মিনিট পর পর ছোট বিরতি সেট করতে পারেন, যা তাঁদের স্ক্রোলিংয়ের অভ্যাস সম্পর্কে সচেতন রাখে।
হোম স্ক্রিন উইজেট: ফোনের হোম স্ক্রিনে একটি উইজেট যুক্ত করে ব্যবহারকারীরা তাঁদের সারাদিনের স্ক্রোলিং টাইম দেখতে পাবেন এবং পরবর্তী সেশন কখন তা জানতে পারবেন। আগামী সপ্তাহে থাকছে এই রকমের বেশ কয়েকটি অ্যাপের খোঁজ। যা ব্যবহারকারীকে নিয়ত ফোন ঘাঁটা থেকে বিরত রাখতে পারে। (চলবে)