সরকারি অ্যাম্বুল্যান্সও লিজ়ে! প্রশ্নের মুখে প্রাক্তন পুরবোর্ড - 24 Ghanta Bangla News
Home

সরকারি অ্যাম্বুল্যান্সও লিজ়ে! প্রশ্নের মুখে প্রাক্তন পুরবোর্ড

Spread the love

এই সময়, পাঁশকুড়া: তৃণমূল সরকারের পরিবহণমন্ত্রী থাকার সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাঁশকুড়া পুরসভাকে একটি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স দিয়েছিলেন। পাঁশকুড়াবাসীর কাজে না লাগিয়ে অ্যাম্বুল্যান্সটিকে লিজ দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভার বিরুদ্ধে। বহু মূল্যবান অ্যাম্বুল্যান্সটি এখনও অন্যত্র ভাড়া খাটছে বলে অভিযোগ। কিন্তু সরকারি অ্যাম্বুল্যান্স এ ভাবে লিজ দেওয়া যায় কি না তা নিয়ে প্রাক্তন পুরবোর্ডের ভূমিকায় প্রশ্ন উঠেছে।

১৬ নম্বর জাতীয় সড়কের অদূরেই পাঁশকুড়া পুরসভা। জাতীয় সড়কে মাঝেমধ্যেই পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁর প্রাথমিক চিকিৎসায় ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে পরিবহণমন্ত্রী হন শুভেন্দু। তাঁর উদ্যোগে সেই সময়ে রাজ্য পরিবহণ দপ্তর তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভাকে একটি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স দেয়। অ্যাম্বুল্যান্সটির মধ্যে রয়েছে অক্সিজেন সাপোর্ট, কার্ডিয়াক ও মনিটরিং ডিভাইস, ট্রমা ও ফার্স্ট এইড সরঞ্জাম-সহ অত্যাধুনিক লাইফ সাপোর্ট। পাঁশকুড়ার মানুষের প্রয়োজনে অ্যাম্বুল্যান্সটি দেওয়া হলেও পাঁশকুড়ায় সেটি একদিনও ব্যবহার হয়নি বলে অভিযোগ। টানা ছ’বছর অ্যাম্বুল্যান্সটি খোলা আকাশের নীচে পড়েছিল। রোদ, জল, ঝড়ে নষ্ট হচ্ছিল বহু মূল্যবান অ্যাম্বুল্যান্সটি। বিষয়টি নিয়ে সেই সময়ে যথেষ্ট হইচই হয়। এর পরে আর অ্যাম্বুল্যান্সটি পাঁশকুড়ায় দেখা যায়নি।

পরে জানা যায়, লিজের মাধ্যমে মেচেদার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সেটি তুলে দিয়েছে পাঁশকুড়া পুরসভা। পাঁশকুড়াবাসীর প্রয়োজনে ব্যবহার না করে কেন অত্যাধুনিক অ্যাম্বুল্যান্সটি অন্যত্র পাঠিয়ে দেওয়া হলো? প্রাক্তন পুর চেয়ারম্যান নন্দকুমার মিশ্র বলেন, ‘ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স চালাতে গেলে চালকের পাশাপাশি একজন দক্ষ টেকনিশিয়ান দরকার। টেকনিশিয়ান না পাওয়ার কারণে অ্যাম্বুল্যান্সটি পড়ে থেকে নষ্ট হচ্ছিল। তাই সেটিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হয় কয়েক বছর আগে।’

জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সটি এখনও পাঁশকুড়ার বাইরেই রয়েছে। ২০২২-এ পাঁশকুড়া পুরবোর্ডের মেয়াদ শেষ হয়। প্রাক্তন চেয়ারম্যান নন্দকুমার মিশ্রকে পুরসভার চেয়ারপার্সন করে চলছিল পুরবোর্ড। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে তাঁকে সরিয়ে তমলুকের এসডিওকে পুরসভার প্রশাসক করে তৎকালীন তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পরে তৃণমূল পুরবোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বর্তমান শাসক দল বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সিন্টু সেনাপতি বলেন, ‘তৃণমূল পাঁশকুড়া পুরসভাকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছিল। মাননীয় শুভেন্দু অধিকারী মহৎ উদ্দেশ্যে ওই অ্যাম্বুল্যান্স পাঁশকুড়াবাসীকে উপহার দিয়েছিলেন। তৃণমূলের নেতারা সেটিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করায় পাঁশকুড়াবাসী ওই ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্সের পরিষেবা থেকে বঞ্চিত। বিষয়টি তদন্ত করে দেখার জন্য প্রশাসনকে অনুরোধ করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *