পেটের মেদ কি স্মৃতিশক্তি কমিয়ে দেয়? Ei Samay
পেটের অতিরিক্ত মেদ ডায়াবিটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেরই সেটা জানা। তবে এই অতিরিক্ত মেদ যে স্নায়ুর ক্ষতি করে সেটা জানতেন? পেটের ভিতরে জমে থাকা অতিরিক্ত চর্বি বা ভিসেরাল ফ্যাট (Visceral Fat) শুধু শরীরের নয়, মস্তিষ্কের জন্যও বেশ ক্ষতিকর হতে পারে। তাঁর মতে, এটি স্মৃতিশক্তি, চিন্তাভাবনার ক্ষমতা এমনকি ডিমেনশিয়ার ঝুঁকিও বাড়াতে পারে।
কেন ভিসেরাল ফ্যাট বেশি বিপজ্জনক?
শরীরের সব ধরনের চর্বি একরকম নয়। ত্বকের ঠিক নীচে জমা হওয়া চর্বিকে বলা হয় সাবকিউটেনিয়াস ফ্যাট, আর পেটের গভীরে বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গের চারপাশে জমে থাকা চর্বি হলো ভিসেরাল ফ্যাট। এই ভিসেরাল ফ্যাটই শরীরের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর বলে মনে করা হয়।
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, যাঁদের শরীরে ভিসেরাল ফ্যাট বেশি থাকে, তাঁদের ক্ষেত্রে পারিপার্শ্বিক অন্যান্য রোগের সঙ্গেই বাড়ে মস্তিষ্কের রোগের ঝুঁকিও।
কোন কোন রোগের ঝুঁকি বাড়ে?
স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার ক্ষমতা হ্রাস
ডিমেনশিয়ার ঝুঁকি বৃদ্ধি
মস্তিষ্কের আকার ছোট হয়ে যাওয়া
স্মৃতির সঙ্গে সম্পর্কিত হিপোক্যাম্পাস অংশের আয়তন কমে যাওয়া
কী ভাবে মস্তিষ্কের ক্ষতি হয়?
সময়ের সঙ্গে সঙ্গে এই চর্বি বিভিন্ন জৈবিক পরিবর্তনের মাধ্যমে স্মৃতি ও মানসিক কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এর কারণ, দীর্ঘস্থায়ী প্রদাহ, ইনসুলিন রেজিস্ট্যান্স, উচ্চ রক্তচাপ, রক্তে অস্বাস্থ্যকর চর্বির মাত্রা বৃদ্ধি পাওয়া, মস্তিষ্কের ক্ষুদ্র রক্তনালির ক্ষতি বা হরমোনের পরিবর্তন, যা মস্তিষ্কের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।