Shah Rukh Khan: দেশ ছেড়েছেন শাহরুখ! বিদেশের রাস্তায় ‘কিং’ পরিবারের ছবি ভাইরাল | shah rukh khan spotted in london family vacation amid student protest news
দিল্লির যন্তর মন্তরে সিজিপি-র (CJP) আন্দোলনের আঁচ এখনও বিন্দুমাত্র কমেনি। নিট প্রশ্নফাঁস কাণ্ড ও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যখন প্রায় গোটা বলিউড সোচ্চার হয়েছে, সেখানে বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের নীরবতা চোখ এড়িয়ে যায়নি নেটিজেনদের। আন্দোলনের উত্তাপের মাঝেই এবার প্রকাশ্যে এল নতুন তথ্য—পরিবারকে নিয়ে বর্তমানে লন্ডনে ছুটি কাটাচ্ছেন কিং খান।
ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় শাহরুখের লন্ডন সফরের একাধিক ছবি ও ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেখানে স্ত্রী গৌরী খান এবং তিন সন্তান—সুহানা খান, আরিয়ান খান ও আব্রাম খানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঢিলেঢালা ট্রাউজার্স, সাধারণ টি-শার্ট এবং হুডি পরা ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন অভিনেতা।
সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ এই ছাত্র আন্দোলনে যখন সলমন খানের মতো তারকা ছাড়াও বিনোদন জগতের একাধিক শীর্ষ ব্যক্তিত্ব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং একটি স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবি তুলেছেন, ঠিক সেই সময়েই শাহরুখের এই লন্ডন সফর এবং ইস্যুতে চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনুরাগী ও নেটিজেনদের একাংশ।
Latest our King Khan spotted in London with his family. What a look @iamsrk 😍#ShahRukhKhan #KING pic.twitter.com/YB7nmaYGau
— Team Aryan Khan (@srkaryanknights) July 25, 2026
শাহরুখ খান আপাতত সিদ্ধার্থ আনন্দের আগামী ছবি ‘কিং’ (King)-এর শুটিং নিয়ে দারুণ ব্যস্ত। এই ছবিতে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। এ ছাড়াও তারকাখচিত এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল এবং রানি মুখোপাধ্যায়কে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বিগ বাজেট এই ছবিটির। জানা যাচ্ছে, কিং ছবির শুটিংয়ের জন্যই হয়তো এই মুহূর্তে লন্ডনে রয়েছেন শাহরুখ ও সুহানারা।