জনগণনায় শিক্ষকদের হেনস্থার ঘটনা এড়াতে উদ্যোগ, পুলিশি ব্যবস্থার নির্দেশ
এই সময়: রাজ্যে ১ অগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রাথমিক পর্ব। সার-এর মতো এই কাজেও নিযুক্ত করা হয়েছে সরকারি স্কুলের শিক্ষকদের। জনগণনার ক্ষেত্রে তাঁদের যাতে অপ্রীতিকর ঘটনার শিকার না হতে হয়, তার জন্য যথাযথ পুলিশি ব্যবস্থা রাখা হবে। বৃহস্পতিবার এ বিষয়ে ডিরেক্টর সেন্সাস-ওয়েস্টবেঙ্গল নিখিল পবন কল্যাণ রাজ্য প্রশাসনের সঙ্গে বিস্তারিত বৈঠক করেন। সেখানে এই নির্দেশ দেওয়া হয়।
বিপুল সংখ্যক শিক্ষক এই কাজে নিযুক্ত হচ্ছেন। এর জেরে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঠনপাঠন ব্যহত না হয়, সেই জন্য শিক্ষকদের নিজের স্কুলের কাছাকাছি এলাকায় ডিউটি দিতে বলা হয়েছে। এ বারে প্রথম নাগরিকরা ‘সেল্ফ এনিউমারেশন’-এর মাধ্যমে নিজেরাই নিজেদের বিস্তারিত তথ্য পোর্টালে আপলোড করতে পারবেন। এ বিষয়ে প্রচারের জন্য বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটি তথা তারকাদের প্রচারে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিখিল পবন ওডিশার জনগণনা বিভাগের অধিকর্তা। বাংলার অতিরিক্ত দায়িত্বও তিনি সামলাচ্ছেন। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব-সহ সব দপ্তরের সচিবেরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন জেলাশাসকরাও। বৈঠকে ঠিক হয়েছে, নাগরিকদের ‘সেল্ফ এমিউমারেশন’-এর জন্য সরকারি স্তরে ব্যাপক প্রচার করতে হবে। যাঁরা নিজেরা পরিবারের জন্য পোর্টালে আপলোড করতে পারবেন না, সেন্সাস কর্মীরা বাড়িতে গিয়ে সেই কাজ অর্থাৎ প্রাথমিক তথ্য সংগ্রহ করে পোর্টালে তুলবেন।
জনগণনা বা সেন্সাসে দু’ধরনের কর্মী থাকবেন— এনিউমারেটর এবং সুপারভাইজ়ার। ইতিমধ্যে সার-এর কাজে শিক্ষকরা যাওয়ার জন্য পঠনপাঠন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই বছরে ফের শিক্ষকদের তুলে নেওয়া হলে পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে বৈঠকে ঠিক হয়, শিক্ষকদের নিজেদের কর্মস্থলের কাছাকাছি এলাকায় ডিউটি দেওয়া হবে। এই কাজের কথা মাথায় রেখে কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদ সব স্কুল মর্নিং সেশনে করার কথা বলেছে। যাতে শিক্ষকরা সেন্সাসের কাজ করতে পারেন। আবার পঠনপাঠনও ক্ষতিগ্রস্ত না হয়।
প্রাথমিক পর্বে পারবারিক তথ্য আপলোড হওয়ার পরের ধাপে হবে হাউজ় লিস্টিং। এই পর্বে সেন্সাস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আপলোড করা তথ্য যাচাই করবেন। এ বছরেই হাওড়া, কলকাতা-সহ বেশ কিছু পুরসভায় ভোট হওয়ার কথা। তার জন্য আসন পুনর্বিন্যাস হবে। কিন্তু এর ফলে জনগণনা যাতে কোনওভাবে ব্যহত না হয় তা প্রশাসনকে দেখতে বলা হয়েছে।