Indian Railways: হবে ৪৪০ কোটি টাকার প্রকল্প, নিমপুরা–মেদিনীপুর থার্ডলাইন নির্মাণে ছাড়পত্র
এই সময়: দক্ষিণ-পূর্ব রেলের নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে মেদিনীপুর পর্যন্ত ১৪.৫২ কিলোমিটার দীর্ঘ অংশে থার্ড লাইন তৈরির জন্য ৪৪০ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পেয়েছে রেল মন্ত্রকের। রেলের কর্তাদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ এই করিডরে যাত্রিবাহী ও পণ্যবাহী — দু’ধরনের ট্রেন চলাচলই আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং সময়ানুবর্তী হবে। পাশাপাশি বিভিন্ন শিল্পাঞ্চলে প্রয়োজনীয় কাঁচামাল ও বিভিন্ন পণ্যের সরবরাহও আরও সহজ হবে।
দক্ষিণ–পূর্ব রেল জানিয়েছে, নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন–মেদিনীপুর অংশটি হাই ইউটিলাইজ়েশন নেটওয়ার্ক (এইচইউএন-২)-এর অন্তর্ভুক্ত। বর্তমানে নিমপুরা ওয়েস্ট আউটার কেবিন থেকে গোকুলপুর পর্যন্ত অংশে ডাবলিংয়ের কাজ চলছে। সেই পরিকাঠামোর সঙ্গেই নতুন করে থার্ড লাইন যুক্ত হলে এই করিডরের পরিবহণ ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে।
দক্ষিণ–পূর্ব রেল জানিয়েছে, এই রুট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য পরিবহণ করা হয়। পণ্যের তালিকায় কয়লা, লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, ইস্পাত, সিমেন্ট ছাড়াও গম, লবণ, চাল, পেট্রোলিয়ামজাত পণ্য, ভোজ্য তেল-সহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী রয়েছে। বছরে প্রায় ২৩.৮০ মিলিয়ন টন পণ্য এই পথে বহন করার সুবাদে এটি দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ মালবাহী করিডর হিসেবে পরিচিত।
জানা গিয়েছে, এই অংশে রেলপথের ব্যবহারক্ষমতা প্রায় ১১৬ শতাংশে পৌঁছে গিয়েছে, অর্থাৎ নির্ধারিত ক্ষমতার চেয়েও অনেক বেশি ট্রেন চলাচল করছে। ফলে ট্রেন পরিচালনায় বিলম্ব, সিগন্যালের অপেক্ষা এবং পণ্য পরিবহণে নানা বাধা তৈরি হচ্ছে। থার্ড লাইন নির্মিত হলে এই চাপ অনেকটাই কমবে বলে মনে করছে রেল। প্রকল্পটি সম্পূর্ণ হলে বছরে অতিরিক্ত ৩.৫২ মিলিয়ন টন পণ্য পরিবহণের সুযোগ তৈরি হবে। রেল কর্তৃপক্ষের দাবি, এর ফলে প্রয়োজনীয় পণ্য দ্রুত গন্তব্যে পৌঁছবে এবং যাত্রী পরিষেবার মানও উন্নত হবে।